রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রতিনিধিরা
বঙ্গভবনে গতকাল শনিবার রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে নারীদের অন্যতম স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক সংগঠন ‘ইন্টারন্যাশনাল ইনার হুইল’-এর ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। খবর বাসসের।
সংগঠনের সভাপতি আভা গুপ্তার নেতৃত্বে প্রতিনিধিদলটি সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কাছে তাদের কার্যক্রম তুলে ধরে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন রুজিনা আফজাল, দিলরুবা আহমেদ, খালেদা আউয়াল, শারমিন হোসেন এবং মাহবুবা হেলেন। তাঁরা জানান, নারীদের মধ্যে বন্ধুত্ব গড়ে তোলা এবং সুবিধাবঞ্চিতদের জন্য কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে তাঁদের সংগঠন। বিশ্বের ১০৩টির বেশি দেশে তাঁদের সংগঠন কাজ করছে। বাংলাদেশে এক হাজারসহ বিশ্বব্যাপী এই সংগঠনের এক লাখের বেশি সদস্য রয়েছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ইনার হুইলের কার্যক্রমকে স্বাগত জানান এবং তাদের কার্যক্রম সম্প্রসারণ করার আহ্বান জানান।