রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী সদ্যসমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনোত্তর পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। খবর ইউএনবি ও বাসসের। সাক্ষাৎকালে শেখ হাসিনা রাষ্ট্রপতিকে আরও অবহিত করেন যে তাঁর সরকার জনগণের জানমাল রক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ এবং সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দশম সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) এবং নির্বাচিত আইনপ্রণেতাদের অভিনন্দন জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান।
এক প্রশ্নের জবাবে ইহসানুল করিম বলেন, নির্বাচনের ফলাফল-সংক্রান্ত গেজেট প্রকাশিত হওয়ার পর একটি নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।