রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আজ বুধবার বিকেলে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং কমিশনের ওপর অর্পিত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা চান।

সিইসি রাষ্ট্রপতিকে জানান, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ১৩ তলা ভবনের নির্মাণকাজ শিগগিরই শেষ হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহে ওই ভবন উদ্বোধনের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান সিইসি।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের এসব বিষয়ে অবহিত করেন।

প্রধান নির্বাচন কমিশনার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং ৬১টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইসির প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। আবদুল হামিদ অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।

আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবেরা এ সময় উপস্থিত ছিলেন।