রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান দেশে ও বিদেশে সেনাবাহিনীর সদস্যদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন গতকাল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সেনাসদস্যরা দেশে ও বিদেশে যে সুনাম অর্জন করেছেন, তা তাঁরা আন্তরিক প্রচেষ্টার সঙ্গে সমুন্নত রাখতে সদা তৎপর থাকবেন। খবর বাসসের।সাক্ষাৎকালে সেনাপ্রধান রাষ্ট্রপতিকে অবহিত করেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘আইলা’বিধ্বস্ত ৯৫ শতাংশ বাঁধ ও সড়ক পুনর্নির্মাণ করেছে। বাকি পাঁচ শতাংশের কাজ শিগগিরই সম্পন্ন হবে।সেনাপ্রধান আরও জানান, বাংলাদেশে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর উদ্বোধনী ও অন্যান্য ম্যাচ সুন্দর ও নিরাপদ করতে শহরের সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। তিনি জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। রাষ্ট্রপতির সচিব মোহাম্মদ শফিউল আলম, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ুন কবির এবং রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঞা এ সময় উপস্থিত ছিলেন।