রাষ্ট্রপতির সফর ও দুদিনের সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুটি সেতুর নির্মাণকাজের অগ্রগতি দেখতে যেতে পারেন—এমন ভাবনা থেকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম লঞ্চঘাট কাঁচা সড়কটিতে ইট বিছানো হয়। পাশে ফেলা হয় মাটি।
সড়কটি আর কাঁচা নেই—দেখে পুলকিত ছিলেন অষ্টগ্রামবাসী। গত বুধবার রাষ্ট্রপতি অষ্টগ্রামে এলেন ঠিকই, কিন্তু সেতু নির্মাণের অগ্রগতি দেখতে যাননি। ফলে সড়কটিতে আর রাষ্ট্রপতির পা পড়েনি। ওই দিন বিকেলে ঢাকার উদ্দেশে অষ্টগ্রাম ছাড়েন রাষ্ট্রপতি। এর পরই সড়কটির মৃত্যুঘণ্টা বাজানো হয়। একটি একটি করে ইট তুলে সড়কের পাশে সরিয়ে রাখা শুরু হয়ে যায়।
সড়কটি আবার আগের বেহাল অবস্থায় ফিরে যাচ্ছে—জেনে স্থানীয় অনেকে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাতেও ইট তোলার কাজ বন্ধ হয়নি। অস্থায়ী ভিত্তিতে সড়কটি নির্মাণ করেছিল উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। ইটও সরিয়ে ফেলা হচ্ছে ওই দপ্তরের নির্দেশেই।
জানা গেছে, লঞ্চঘাট থেকে পাকা সড়কের দূরত্ব ৫০০ ফুট। এই সড়কটি কাঁচা। প্রতিদিন এই সড়ক পেরিয়ে শত শত লঞ্চযাত্রীকে আসা-যাওয়া করতে হয়। হাওরের মালামালও পরিবহন করা হয় এই সড়ক দিয়েই। পাকা না হওয়ায় বিশেষ করে ভারী মালামাল পরিবহন করতে গিয়ে হাওরের এই উপজেলাবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা যায়, লঞ্চঘাট সড়কটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ ঘেঁষে চলে গেছে। তিন থেকে চারজন শ্রমিক সড়কের ইটগুলো তুলে ফেলছেন। স্থানীয় অনেকে দাঁড়িয়ে তা দেখছেন। কয়েকজন ইট না সরানোর অনুরোধ করেন। কিছু লোক প্রতিবাদী হয়ে ওঠেন।
সড়কের পাশের চা-দোকানি আয়োজন মিয়া বলেন, ‘মেঘ (বৃষ্টি) আইলে রাস্তাটা কাদা হইয়া যায়। তখন কাদার ওপর দিয়া আসা-যাওয়া করতে হয়। রাস্তাটার দূরত্ব কম, কিন্তু পাকা হইলে সুবিধা হতো বেশি।’ লঞ্চঘাট থেকে ঠেলাগাড়ি দিয়ে মালামাল টানেন শ্রমিক কেনু মীর (৫০)। কেনু মীর বলেন, ‘ইট তুললে সরকার কয় টেহা পাইব? সর্বোচ্চ ২০ হাজার। সরকার ২০ হাজার টেহাটারে বড় মনে করল, আমরার কষ্টটার কথা ভাবল না।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ সালমান বলেন, হাওরের মানুষের প্রধান বাহন নৌকা। নদীপথে এসে রোগীদের এই সড়ক ব্যবহার করে হাসপাতালে আসতে হয়। ইট তুলে ফেলা হলে আবার রোগীদের দুর্ভোগ বাড়বে।
জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আহসান উল্যাহ বলেন, রাষ্ট্রপতির আসার দুই দিন আগে অস্থায়ী ভিত্তিতে সড়কটি নির্মাণ করা হয়েছিল। এ জন্য ব্যয় হয় ৫০ হাজার টাকা। যেহেতু অস্থায়ী, সে কারণে ইট তুলে ফেলা হচ্ছে।
ইট বাবদ কত টাকা সাশ্রয় হবে, জানতে চাইলে আহসান উল্যাহ বলেন, ‘২০ থেকে ২২ হাজার টাকা হতে পারে।’