আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, নাটোরের গামা হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ২০ আসামির সাজা রাষ্ট্রপতি তাঁর সাংবিধানিক ক্ষমতাবলে মওকুফ করেছেন। এটি তাঁর সাংবিধানিক এখতিয়ার। এ নিয়ে বিতর্কের অবকাশ নেই। আইনমন্ত্রী শফিক আহমেদ এবং প্রতিমন্ত্রী কামরুল ইসলাম গতকাল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। পরে সচিবালয়ে নিজ কার্যালয়ে ফিরে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। আইনমন্ত্রী আরও বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দণ্ড পাওয়া ব্যক্তিদের আবেদনের ভিত্তিতে দণ্ড মওকুফ করতে পারেন। এ ক্ষেত্রেও তাই হয়েছে। এ মামলায় ২০ আসামির মৃত্যুদণ্ডাদেশ মওকুফ করায় তাঁদের বিরুদ্ধে মামলা নেই। মামলাটি হাইকোর্টে থাকা অবস্থায় কেন রাষ্ট্রপতি ২০ আসামির সাজা মওকুফ করলেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো পর্যায়ে রাষ্ট্রপতি দণ্ড মওকুফ করতে পারেন। অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ২৯ সেপ্টেম্বর বর্তমান প্রধান বিচারপতি অবসরে যাবেন। এর আগেই রাষ্ট্রপতি নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গত ৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিল্লুর রহমান বিগত জোট সরকারের উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদারের ভাতিজা গামা হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ২০ আসামির সাজা মওকুফ করেন।