রাষ্ট্রপতির হাতে নতুন স্মার্টকার্ড

রাষ্ট্রপতি আবদুল হামিদের হাতে স্মার্টকার্ড তুলে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। আজ রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির হাতে স্মার্টকার্ড তুলে দেওয়া হয়।
কার্ড হস্তান্তর করার পর জাতীয় পরিচয়পত্র বিতরণসংক্রান্ত বিভিন্ন তথ্য রাষ্ট্রপতিকে অবহিত করে সিইসি বলেন, সব ভোটারকে ২০১৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে স্মার্টকার্ড দেওয়া হবে। তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবার স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানান।
আবদুল হামিদ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, এই কার্ড প্রবর্তনের একটি ভালো উদাহরণ হচ্ছে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সেখানে রাষ্ট্রপতি আবদুল হামিদের স্মার্টকার্ড কাজী রকিবউদ্দীন আহমদের কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ব্রুনাইয়ে হাইকমিশনারের
ব্রুনাই দারুসসালামে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে সদ্যনিযুক্ত এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠককালে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যকার সম্পর্ক চমৎকার উল্লেখ করে আবদুল হামিদ বলেন, প্রায় ১০ হাজার বাংলাদেশি সেখানে কর্মরত রয়েছেন। রাষ্ট্রপতি হাইকমিশনারকে তাঁদের কল্যাণ নিশ্চিত করার নির্দেশ দেন।
আবদুল হামিদ বলেন, সেখানে দ্বিপক্ষীয় বাণিজ্য ও দুই দেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধির সুযোগ তৈরি করতে হবে এবং তিনি হাইকমিশনারকে সেই সুযোগ কাজে লাগানোর জন্য বলেন।
এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: