রাষ্ট্রপতির হাতে বঙ্গবন্ধু পরিবারের ওপর লেখা বই
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ওপর লেখা কয়েকটি বই রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বঙ্গভবনে গতকাল রোববার আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ বইগুলো হস্তান্তর করেন। যুবলীগ বইগুলো প্রকাশ করেছে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বিষয়টি সাংবাদিকদের জানান।
মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী রাষ্ট্রপতির হাতে বইগুলোর বিভিন্ন দিক তুলে ধরে বলেন, যুবলীগ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জীবন ও কর্ম সম্পর্কে জানাতে বই প্রকাশের উদ্যোগ নিয়েছে।
যুবলীগকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, মানুষ এসব বই পড়ে তাঁদের (বঙ্গবন্ধুর পরিবারের সদস্য) চিন্তা, উন্নয়নভাবনা ও জাতির জন্য তাঁদের ত্যাগ সম্পর্কে জানতে পারবে।