রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতির পদত্যাগের দাবিতে ১১ শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা জামানের পদত্যাগের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচিতে বসেছেন একই বিভাগের ১১ জন শিক্ষক। সভাপতির স্বেচ্ছাচারিতা, অফিসে বঙ্গবন্ধুর ছবি না রাখা, দায়িত্বে অবহেলাসহ বিভিন্ন অভিযোগে আজ রোববার সকাল নয়টা থেকে বিভাগের সামনে এই কর্মসূচি শুরু করেছেন তাঁরা।

বিভাগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সম্প্রতি পাল্টাপাল্টি অভিযোগ তুলতে থাকে শিক্ষকদের দুটি পক্ষ। যার একদিকে আছেন বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা জামান ও সহকারী অধ্যাপক রুখসানা পারভীন। অপর পক্ষে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি অধ্যাপক রুহুল আমিনসহ ১১ শিক্ষক।

আন্দোলনকারী শিক্ষক অধ্যাপক রুহুল আমিনের দাবি, সভাপতি শিক্ষকদের সম্পর্কে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এতে বিভাগের শিক্ষকদের মানহানি হচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, ‘আমরা আজ বাইরে বের হতে পারছি না। গত ৬০ বছরে এ রকম ঘটনা আগে ঘটেনি। কিন্তু বিভাগের সভাপতি একজন জুনিয়র শিক্ষককে দিয়ে আমাদের উলঙ্গ করেছেন। আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।’

আজ বেলা একটা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন রুহুল আমিন। এর মধ্যে দাবি মেনে না নেওয়া হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় বিভাগের চলমান ঘটনা নিয়ে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা জামান পাল্টা দাবি করে বলেন, ‘যৌন হয়রানি, সান্ধ্য মাস্টার্স কোর্সে দুর্নীতিসহ বিভিন্ন অপরাধ ঢাকার জন্য তারা এ অশিক্ষকসুলভ কর্মসূচি হাতে নিয়েছে।’

এর আগে গত ২৭ জুলাই বিভাগের সহকারী অধ্যাপক রুখসানা পারভীনের বিরুদ্ধে বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে নাসিমা জামানের কাছে লিখিত অভিযোগ দেন কয়েকজন শিক্ষক। এর পরিপ্রেক্ষিতে গত ৩১ জুলাই তলবি সভা আহ্বান করা হয়। কিন্তু সভাপতি সেই সভা নোটিশের মাধ্যমে স্থগিত করে দেন।

এরপর ৩১ জুলাই শিক্ষক রুখসানা পারভীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ওই শিক্ষকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন। এতে এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানিসহ কয়েকজনের নামে বিভিন্ন অভিযোগ আনা হয়।

এরপর ২ আগস্ট সভাপতির প্রতি অনাস্থা জানিয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন ওই ১১ শিক্ষক। পরে ৪ আগস্ট ১১ জন শিক্ষক সংবাদ সম্মেলন করে সভাপতি ও শিক্ষিকার করা যৌন হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘আপনাদের মাধ্যমে ওই বিভাগের শিক্ষকদের বলব, নিজেদের মধ্যে যেন কাদা ছোড়াছুড়ি না করে। তাঁদের বিভাগের এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি যেন সমুন্নত থাকে।’ তিনি আরও বলেন, ‘অভিযোগে থাকা কোনো কর্মকাণ্ড যদি ঘটে থাকে, নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যেটুকু আইনগত ব্যবস্থা নেওয়ার আছে, সেটুকু ব্যবস্থা আমরা গ্রহণ করব।’