রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে মাদ্রাসার ছাত্র শিক্ষকদের প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলার এমপিওভুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক ও তত্ত্বাবধায়কদের নিয়ে জরুরি মতবিনিময় সভা করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান। সভায় মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা যেন সরকার ও রাষ্ট্রবিরোধী কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে না পারে, সে বিষয়ে নজরদারি বাড়াতে হবে।

জেলা প্রশাসক বলেন, মাদ্রাসার কেউ জড়িত হলে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে দ্রুত জানাতে হবে। সম্প্রতি মসজিদের মাইক ব্যবহার করে বিভিন্ন অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। এ ব্যাপারেও সতর্ক থাকতে হবে। এমপিওভুক্ত মাদ্রাসার
শিক্ষক-কর্মচারীরাও অন্য সরকারি কর্মকর্তার মতো আচরণ করবেন এবং সরকারি আচরণবিধি অনুসরণ করবেন।

সভায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার কে এম হাফিজ আক্তার বলেন, সন্ত্রাসী ও নাশকতাকারীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। প্রচলিত আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সভায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব জালালুদ্দিন আল কাদেরী বলেন, যারা ইসলাম ও মানুষের জানমালের নিরাপত্তায় বিঘ্ন ঘটায়, তাদের থেকে সাবধান থাকতে হবে। যারা কোরআন শরিফে আগুন দেয়, তারা দেশ ও ইসলামের শত্রু। সভায় ২৩৫টি মাদ্রাসার প্রায় ৩০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন।