রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শিবিরের পাঁচ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রশিবিরের পাঁচজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত দুইটার দিকে জেলা শহরের হাউজিং এলাকার একটি ছাত্রাবাস থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে সরকারবিরোধী কথাবার্তাসংবলিত বেশ কিছু পোস্টার উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন মিরপুর উপজেলার বামনগাড়ী গ্রামের হামিদুল ইসলাম, দৌলতপুর উপজেলার খলিষাকুণ্ডি গ্রামের মাজহারুল ইসলাম, হোগলাবাড়িয়া গ্রামের মতিনুল হক, টাঙ্গাইলের মধুপুর উপজেলার শিবশিষ্টা এলাকার মোশাররফ হোসেন ও কুমারখালীর পান্টি এলাকার বনি আমিন।কুষ্টিয়া মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়া হাউজিং সি-ব্লকের একটি ছাত্রাবাসে পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করে। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা আল মুকাদ্দাস, ওয়ালিউল্লাহর নিখোঁজের ঘটনায় ও পান্টি এলাকায় শিবিরের নিহত একজন কর্মীর ছবিসংবলিত কয়েক শ পোস্টার উদ্ধার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই থানার ওসি কাজী জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই ছাত্রশিবিরের সক্রিয় কর্মী। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছ। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।