রাষ্ট্রব্যবস্থা সুগঠিত করতে বিকেন্দ্রায়ন অপরিহার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল উদ্বিগ্ন নাগরিক সমাজ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন এ টি এম শামসুল হুদা। পাশে এম এম শওকত আলী (মাঝে) ও অধ্যাপক তোফায়েল আহমেদ l ছবি: প্রথম আলো
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল উদ্বিগ্ন নাগরিক সমাজ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন এ টি এম শামসুল হুদা। পাশে এম এম শওকত আলী (মাঝে) ও অধ্যাপক তোফায়েল আহমেদ l ছবি: প্রথম আলো

রাষ্ট্রব্যবস্থা সুগঠিত করে সুশাসন প্রতিষ্ঠার জন্য বিকেন্দ্রীকরণ বা বিকেন্দ্রায়ন অপরিহার্য। এটি শুধু কথার কথা নয়। গণতন্ত্র, উন্নয়ন, রাজনৈতিক স্থিতি ও অগ্রগতির জন্য বিকেন্দ্রায়নের বিকল্প নেই। উদ্বিগ্ন নাগরিক সমাজ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বিশিষ্টজনেরা এই অভিমত ব্যক্ত করেছেন।
গতকাল রোববার সকালে নগরের সিরডাপ মিলনায়তনে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার সঞ্চালনায় এই গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় ‘রাষ্ট্রীয় ক্ষমতা ও কার্যের ভারসাম্য: স্বশাসন ও সুশাসনের জন্য বিকেন্দ্রীকরণ’ শীর্ষক নিবন্ধ উপস্থাপন করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ। কয়েকজন বিশেষজ্ঞ ও তৃণমূল পর্যায়ের স্থানীয় সরকার প্রতিনিধি আলোচনায় অংশ নেন।
এ টি এম শামসুল হুদা বলেন, দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির কার্যক্রমে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচন। নির্বাচনের পর রাষ্ট্রীয় কার্যক্রমে গণতান্ত্রিক পদ্ধতির অনুসরণ ও উন্নয়ন, রাষ্ট্রব্যবস্থা সুগঠিত করতে ক্ষমতার বিকেন্দ্রায়ন প্রভৃতি বিষয় গুরুত্ব পায় না। কিন্তু নির্বাচন ছাড়াও উদ্বিগ্ন নাগরিক সমাজ ১২টি ক্ষেত্র চিহ্নিত করেছে, যেগুলো রাষ্ট্রের স্বার্থে শক্তিশালী করা প্রয়োজন।
শামসুল হুদা বলেন, ওই ১২টি বিষয় নিয়েই তাঁরা পর্যায়ক্রমে গোলটেবিল আলোচনার আয়োজন করবেন। ইতিমধ্যে প্রথমটি করা হয়েছে, বিষয় ছিল ‘ক্ষমতার ভারসাম্য’। গতকালেরটি ছিল দ্বিতীয়। এইভাবে ১২টি বিষয়ে আলোচনার পর সব আলোচনা সমন্বিত করে একটি প্রকাশনা করা হবে। পাশাপাশি সচেতন নাগরিক সমাজের সঙ্গে আলোচনা এবং জনসচেতনতা সৃষ্টির কাজ করে যাবেন তাঁরা।
তোফায়েল আহমেদ তাঁর নিবন্ধে বলেন, বিকেন্দ্রায়ন মানে হচ্ছে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন বিভাগ ও দপ্তরের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া। ক্ষমতার কোন অংশ কারা, কোথায়, কীভাবে প্রয়োগ করবে তা রাজনৈতিক কর্তৃপক্ষই নির্ধারণ করে। সংবিধানে এই বিধান থাকার পরও আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা প্রয়োগের ভারসাম্য প্রায়ই বিঘ্নিত হয়। আইন বিভাগের ক্ষমতা বিকেন্দ্রায়নের ক্ষেত্রে তিনি দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি নির্বাচনে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের ভোটাধিকার দেওয়াসহ ১১টি সুপারিশ করেন। অন্যান্য ক্ষেত্রেও তিনি কতিপয় সুপারিশ করেছেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এম শওকত আলী বলেন, বাংলাদেশ এককেন্দ্রিক রাষ্ট্র হওয়ায় বিকেন্দ্রায়নের সুযোগ কম। তবে যেটুকু সুযোগ আছে সেটুকুও করা হয়নি বা হচ্ছে না। যেমন সংবিধানের স্পষ্ট নির্দেশনা সত্ত্বেও স্থানীয় সরকারের ক্ষমতায়ন হচ্ছে না। বিকেন্দ্রায়ন হয় একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। সে ক্ষেত্রে রাজনৈতিক মতৈক্য দরকার।
অর্থনীতিবিদ, গবেষক আহসান এইচ মনসুর বলেন, ক্ষমতার বিকেন্দ্রায়নের মূল হচ্ছে আর্থিক ক্ষমতার বিকেন্দ্রায়ন। সেটা করা হলে অনেক কিছুই হয়ে যায়।
এ ছাড়া আলোচনায় অংশ নেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার, লাকসামের উত্তরদা ইউপির চেয়ারম্যান গোলাম রব্বানি মজুমদার ও রাজবাড়ীর ইসলামপুর ইউপির চেয়ারম্যান আবুল হোসেন খান। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।