রাষ্ট্রযন্ত্রই দুর্নীতি প্রসারে দায়ী: মতিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিয়া চৌধুরী । ফাইল ছবি
মতিয়া চৌধুরী । ফাইল ছবি

দেশে দুর্নীতি প্রসারে রাষ্ট্রযন্ত্রই দায়ী বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে সততা সংঘের সমাবেশ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মতিয়া চৌধুরী বলেন, রাষ্ট্র যদি দুর্নীতি করে তাহলে দুর্নীতি প্রসার লাভ করে। ১৯৭৫ এর পর দেখা গেছে, কীভাবে দুর্নীতি বেড়েছে। রাষ্ট্রতো আর নিজে চলে না, শাসন কাঠামোর মধ্যে চলে। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার; যেমন অন্ন, বস্ত্র বাসস্থান-এগুলোর নিশ্চয়তা থাকলে দুর্নীতি অনেকাংশে কমবে।
সাহায্যের সময় উন্নয়ন সহযোগীদের শর্ত দুর্নীতিযুক্ত বলে মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশকে হিতোপদেশ দেওয়ার আগে উন্নয়ন সহযোগীদের নিজেদেরই সেটা পালন করতে হবে। তিনি বলেন, তাঁরা আমাদের উপদেশ দেন, অথচ নিজেরাই তা মানেন না। উন্নয়ন সংস্থারা যখন সুনীতির কথা বলবেন, তখন তাঁদের নিজেদেরও সেটা প্র্যাকটিস করতে হবে।
দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা তৈরির জন্যই দুদক দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করছে। প্রতিবছরের মতো এ বছরও ২৬ মার্চ থেকে এটা শুরু হয়েছে। চলবে ১ এপ্রিল পর্যন্ত। সততা সংঘ সম্পর্কে তিনি বলেন, আমরা দুর্নীতির সচেতনতা যেন গোড়া থেকে উপলব্ধি করতে পারি এ জন্য স্কুল পর্যায়ে কোমলমতি শিশুদের নিয়ে এ সততা সংঘ গড়ে তোলা হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন ও নাসির উদ্দিন আহমেদ, মহাপরিচালক (প্রতিরোধ) শামছুল আরেফিন প্রমুখ।