রাষ্ট্রায়ত্ত দুই পাটকলে পড়ে আছে সাড়ে ৩৩ কোটি টাকার পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে অবস্থিত রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজ (জেজেআই) ও কার্পেটিং জুট মিলসের গুদামে প্রায় ৩৩ কোটি ২১ লাখ টাকার তিন হাজার ৯৪২ মেট্রিক টন পাটজাত পণ্য অবিক্রীত অবস্থায় পড়ে আছে। ক্রেতা দেশগুলো বাংলাদেশ থেকে পাটজাত পণ্য কেনা প্রায় বন্ধ করে দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
কর্মকর্তারা বলছেন, উৎপাদিত পণ্য বিক্রি না হওয়ায় পাটকল দুটি আর্থিক সংকটে পড়েছে। শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদের মজুরি ও বেতন এবং পাটের দাম পরিশোধ করতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে। টাকার অভাবে চলতি মৌসুমে সুলভ মূল্যে ভালো মানের পাটও কেনা সম্ভব হচ্ছে না। তা ছাড়া দীর্ঘদিন গুদামে পড়ে থাকায় পাটজাত পণ্যের মানও নষ্ট হচ্ছে।
পাটকল দুটির সূত্রগুলো জানায়, বাংলদেশের পাটজাত পণ্যের বড় ক্রেতা সিরিয়া, ইরান, জর্ডান, ইরাক, লিবিয়া ও ভারত। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলংকা, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াও কিছু পাটজাত পণ্য বাংলাদেশ থেকে আমদানি করে। কিন্তু অভ্যন্তরীণ সমস্যা ও অভ্যন্তরীণ সংকট এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে মধ্যপ্রাচ্যের ক্রেতা দেশগুলো ২০১১ সালের জুন থেকে বাংলাদেশ থেকে পাটজাত পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান ও অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে পাটজাত পণ্য কিনছে না। শুধু ভারত কিছু পাটজাত পণ্য ক্রয় করছিল। কিন্তু সম্প্রতি ডলারের তুলনায় ভারতীয় রুপির মান কমে যাওয়ায় ভারতও পাটজাত পণ্য কেনা কমিয়ে দিয়েছে। তবে শ্রীলংকা ও দক্ষিণ কোরিয়া বাংলাদেশ থেকে অল্প পরিমাণ পাটজাত পণ্য কিনছে।
সূত্রগুলো আরও জানায়, যশোর জুট ইন্ডাস্ট্রিজের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক বেতন ও মজুরি বাবদ দুই কোটি ৭৩ লাখ টাকা ব্যয় হয়। প্রতিদিন ৩০ দশমিক ৯৮ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে পাটকলটিতে উৎপাদিত হচ্ছে গড়ে প্রায় ২৭ মেট্রিক টন পণ্য। কিন্তু রপ্তানি না হওয়ায় পাটকলটির গুদামে বর্তমানে প্রায় ২১ কোটি ৪৬ লাখ টাকার দুই হাজার ৬২২ মেট্রিক টন পাটজাত পণ্য পড়ে আছে। যশোর জুট ইন্ডাস্ট্রিজের প্রকল্পপ্রধান মুজিবর রহমান মল্লিক জানান, দীর্ঘদিন গুদামে পড়ে থাকায় পণ্যের মানও ভালো থাকছে না।
কার্পেটিং জুট মিলস সূত্র জানায়, পাটকলটির শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও মজুরি বাবদ মাসে প্রায় ৯৫ লাখ টাকা ব্যয় হয়। এখানে দৈনিক ৯ দশমিক ৩৫ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদিত হচ্ছে গড়ে ৯ দশমিক ৩০ মেট্রিক টন পাটজাত পণ্য। পাটকলটির গুদামে বর্তমানে প্রায় ১১ কোটি ৭৫ লাখ টাকার এক হাজার ৩২০ মেট্রিক টন পাটজাত পণ্য অবিক্রীত অবস্থায় পড়ে আছে।
কার্পেটিং জুট মিলসের প্রকল্পপ্রধান সিদ্দিকুর রহমান বলেন, উৎপাদিত পণ্য বিক্রি না হওয়ায় আর্থিক সংকট দেখা দিয়েছে। চলতি মৌসুমে কম দামে ভালো মানের পাট কিনতে পারছি না। ডলারের বিপরীতে রুপির দাম কমে যাওয়ায় ভারত অল্প পরিমাণ পাটজাত পণ্য কিনছে। ওই টাকা দিয়ে বেতন ও মজুরি এবং পাটের বকেয়া টাকা দেওয়া হচ্ছে।