রাষ্ট্রায়ত্ত কারখানা ব্যক্তিমালিকানায় নেওয়ার প্রতিবাদ
খুলনার রাষ্ট্রায়ত্ত আলীম জুট মিলসকে ব্যক্তিমালিকানায় নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জুট মিলের ওয়ার্কার্স ইউনিয়ন সংবাদ সম্মেলন করেছে। গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে এ সম্মেলন করা হয়।
এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার না করলে রাজপথ ও রেলপথ অবরোধসহ আরও কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ইউনিয়নের সাধারণ সম্পাদক সরদার আবদুল হামিদ। ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশবলে মিলটি রাষ্ট্রায়ত্ত করা হয়। তিনি দাবি করেন, যদি মিলটি আবার ব্যক্তিমালিকানায় হস্তান্তর করার মতো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে শ্রমিক-কর্মচারীসহ নানা পেশার মানুষ অর্থাভাবে পড়বেন। এ কারণে শ্রমিক-কর্মচারীদের মধ্যে হতাশা ও আতঙ্ক দেখা দিয়েছে।
মিলটিতে প্রায় দুই হাজার স্থায়ী শ্রমিক-কর্মচারী কাজ করছেন। এর সঙ্গে দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ীসহ হাজারো মানুষ জড়িত।