রাষ্ট্রায়ত্ত পাটকল হোল্ডিং কোম্পানিতে রূপান্তর না করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা ও যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন এসব কারখানার শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ পাটকল করপোরেশনকে (বিজেএমসি) হোল্ডিং কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল সোমবার এ কর্মসূচি পালন করেন তাঁরা।
এদিকে ক্রিসেন্ট জুট মিলের সিবিএ সভাপতি মুরাদ হোসেন জানান, আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজপথ অবরোধ এবং কাল বুধবার সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত নিজ নিজ কারখানার প্রশাসনিক ভবনের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হবে।
গতকাল সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত ওই ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়। ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, ইস্টার্ন, জেজেআই, খালিশপুর ও দৌলতপুর জুট মিল এবং আলীম ও কার্পেটিং জুট মিলের প্রায় অর্ধলাখ শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো হোল্ডিং কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্তকে জনবিরোধী আখ্যায়িত করে তা কার্যকর না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তাঁরা অভিযোগ করেন, ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়ার কারণে এরই মধ্যে অ্যাজাক্সসহ আরও কয়েকটি কারখানা বন্ধ হয়ে গেছে। কারখানাগুলোকে হোল্ডিং কোম্পানিতে হস্তান্তর নয়, বরং চাল, ডাল, আটা, ময়দা, চিনিসহ বিভিন্ন খাদ্যপণ্যের বস্তা প্লাস্টিকের পরিবর্তে পাটের করা উচিত। এতে কারখানাগুলো লাভবান হবে, তেমনি পাটকলশ্রমিকেরাও বেঁচে থাকবেন।
বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, কারখানাগুলো হোল্ডিং কোম্পানিতে চলে গেলে দেখা যাবে, শ্রমিক ছাঁটাই শুরু হয়েছে। সরকারনির্ধারিত বেতন কাটছাঁট করা হবে। অবসরভাতা ও সঞ্চয়ের টাকা পাওয়া যাবে না।
সরকারি সিদ্ধান্তের ব্যাপারে বিজেএমসির খুলনার আঞ্চলিক সমন্বয়কারী খন্দকার জাহাঙ্গীর নূরী বলেন, ‘এটা তো আমরা করছি না। এটা করছে পাট মন্ত্রণালয়। তারাই বিষয়টি ভালো জানে।’
এ ব্যাপারে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম প্রথম আলোকে বলেন, ‘২০১০ সালে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বিজেএমসির একটি চুক্তি হয়েছিল কারখানাগুলোকে হোল্ডিং কোম্পানিতে হস্তান্তরের জন্য। আমরা দায়িত্ব নেওয়ার পর অর্থ মন্ত্রণালয়ের কাছে ভর্তুকি চাইতে গেলে তারা বলে, আগের শর্ত পূরণ করো। এ বিষয় নিয়ে শ্রমিক-কর্মচারী, বিজেএমসি ও আমরা বসেছিলাম। কিন্তু কেউ এর হস্তান্তর চায় না। এখন আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। যাতে শ্রমিক-কর্মচারীদের স্বার্থ রক্ষা হয়, আমরা সেই কাজ করব।’