রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর জন্য হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দ
খুলনায় আন্দোলনরত শ্রমিকসহ রাষ্ট্রায়ত্ত ২৭টি পাটকলের শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধ এবং পাট কেনার জন্য সরকার প্রায় এক হাজার কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে পয়লা বৈশাখের আগে বকেয়া মজুরির একটি অংশ মন্ত্রণালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে।
বকেয়া মজুরির দাবিতে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলশ্রমিকদের রেলপথ-রাজপথ অবরোধের কর্মসূচি চলার মধ্যে গতকাল সোমবার এ সিদ্ধান্ত নিল সরকার। এই সিদ্ধান্তের পরও শ্রমিকেরা আন্দোলন প্রত্যাহার করেননি। তবে আন্দোলনকারী শ্রমিকদের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার পাট মন্ত্রণালয়ে মন্ত্রী-সচিবের সঙ্গে বৈঠক করবে। পাশাপাশি তারা আজকের কর্মসূচিও চালিয়ে যাবে।
গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেন। মন্ত্রিসভার বৈঠক সূত্র বলেছে, বৈঠক শেষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন প্রতিমন্ত্রী মির্জা আজম। বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী এ সময় প্রতিমন্ত্রীকে সমর্থন করেন। এ সময় অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাবিত বাজেটের আগে এত টাকা সংগ্রহ করা কঠিন বলে মত প্রকাশ করা হয়। কিন্তু প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থমন্ত্রীকে পরামর্শ দেন।
মন্ত্রিসভার বৈঠক সূত্র বলেছে, পাটকলশ্রমিক ও কর্মচারীদের গ্র্যাচুইটি বাবদ ৩০০ কোটি টাকা, ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড) ৩০০ কোটি এবং পাট কেনার জন্য ২০০ কোটি টাকা দরকার বলে বস্ত্র ও পাট মন্ত্রণালয় হিসাব দেয়। এ ছাড়া শ্রমিকদের সপ্তাহের মজুরি বাবদ ৪৮ কোটি টাকা বকেয়া পড়েছে। পাটকলগুলোর বেশির ভাগই পুরোনো ও জরাজীর্ণ হওয়ায় সেগুলো সংস্কার ও আধুনিকায়নে টাকার দরকার। সব মিলিয়ে প্রধানমন্ত্রী এক হাজার কোটি টাকা বরাদ্দ দিতে বলেন।
এরপর বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সচিবালয়ে তাঁর দপ্তরে সংবাদ ব্রিফিং করে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান দেওয়ার কথা জানিয়ে আন্দোলনরত শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।
পাঁচ দফা দাবিতে শ্রমিকদের টানা আন্দোলনে অচল হয়ে পড়েছে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। ছয় দিনের শ্রমিক ধর্মঘটের কারণে ওই অঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাত পাটকলে প্রায় এক হাজার মেট্রিক টন উৎপাদন-ঘাটতি হয়েছে।
ব্রিফিংয়ে মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী সব বকেয়া পরিশোধ ছাড়াও পঞ্চাশ ও ষাটের দশকে স্থাপিত পাটকলগুলো সংস্কার ও আধুনিকায়ন করতে বলেছেন। ইতিমধ্যে পাটকলগুলোর উৎপাদনক্ষমতা ৪০ শতাংশে নেমে এসেছে। একদিকে সরকারি পাটকলে শ্রমিকও বেশি, মজুরিও বেশি। এ ছাড়া বাংলাদেশ জুট মিলস করপোরেশনে (বিজেএমসি) দুর্নীতির বেশ কিছু অভিযোগ ছিল, যেগুলোর উৎসমুখ বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর আশা, আগামী পাঁচ বছরের মধ্যে পাটকলগুলো লাভ করতে না পারলেও আয়-ব্যয় সমান হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বছরে প্রায় ৪০০ কোটি টাকা লোকসান দিচ্ছে।
সরকারি ২৭টি পাটকলে শ্রমিক-কর্মচারী আছেন প্রায় ৭০ হাজার। এর মধ্যে স্থায়ী শ্রমিক ৩২ হাজার। বাকিরা বদলি শ্রমিক, কাজ করলে মজুরি পান।
মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পয়লা বৈশাখের আগে শ্রমিকদের বকেয়া মজুরির একটা অংশ দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় পাওয়া গেলে বাকি টাকা, গ্র্যাচুইটি ও ভবিষ্য তহবিল দেওয়া হবে। ব্রিফিংয়ের সময় বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার, পাট অধিদপ্তরের মহাপরিচালক মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আন্দোলন পরিস্থিতি: খুলনা অফিস জানায়, পাঁচ দফা দাবিতে গতকালও আন্দোলনরত শ্রমিকেরা ধর্মঘটের পাশাপাশি সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রেলপথ ও রাজপথ অবরোধ করেন। সরকারের সিদ্ধান্ত জানার পর আন্দোলনের বিষয়ে সন্ধ্যায় বৈঠকে বসেন আন্দোলনকারীরা।
শ্রমিকেরা গতকাল খুলনা-যশোর মহাসড়ক এবং খুলনা-যশোর রেলপথ অবরোধ করেন। এতে যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েন।
খুলনার স্টেশনমাস্টার কাজী আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শ্রমিকদের অবরোধের কারণে খুলনা থেকে সকালের সব ট্রেন রাতেই নওয়াপাড়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকেই সঠিক সময়ে ট্রেনগুলো ছাড়বে। যেসব যাত্রী আগে থেকে ট্রেনের টিকিট কেটেছিলেন, তাঁদের নওয়াপাড়া থেকে উঠতে অনুরোধ করা হয়েছে। আর যাঁরা অপারগ, তাঁদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের সদস্যসচিব জাকির হোসেন বলেন, তাঁরা ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জেনেছেন। তাঁদের আজ পাট মন্ত্রণালয়ে ডাকা হয়েছে। সেখানে আলাপ-আলোচনার পর ঐক্য পরিষদ সিদ্ধান্ত জানাবে।
পাট খাতে প্রয়োজনীয় অর্থ ছাড়, অবিলম্বে রাষ্ট্রায়ত্ত শিল্পের শ্রমিকদের জন্য মজুরি কমিশন বোর্ড গঠন, ১ জুলাই ২০১৩ ঘোষিত ২০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, শ্রমিকদের স্থায়ীকরণ এবং সব পাওনা পরিশোধের দাবি আদায়ে ঐক্য পরিষদের আহ্বানে কর্মসূচি পালিত হচ্ছে।