রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রকল্প প্রধানসহ দুজন বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজের (জেজেআই) প্রকল্পপ্রধানসহ দুই কর্মকর্তা গত শনিবার সাময়িক বরখাস্ত হয়েছেন। তাঁদের বিরুদ্ধে পাট ক্রয়ে অনিয়মের প্রমাণ পেয়েছেন বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) কর্মকর্তারা।
বরখাস্ত দুজন হলেন অভয়নগর উপজেলার রাজঘাটে অবস্থিত জেজেআইয়ের প্রকল্পপ্রধান আহসান কবীর এবং পাট ক্রয় কর্মকর্তা মো. আলাউদ্দীন।
পাটকল সূত্র জানায়, নিয়মানুযায়ী বিজেএমসির ক্রয়কেন্দ্রে পাট কিনে তা বাছাই করা হয়। এরপর সেই পাট সাড়ে তিন মণ করে গাঁট (বেল) বাঁধা হয়। পাট গাঁট বাঁধার পরই পাটকলে আনা হয়। কিন্তু সম্প্রতি পাটকলটিতে চারটি ট্রাকে করে যে পাট আনা হয়, তা খোলা অবস্থায় ছিল। খবর পেয়ে বিজেএমসির উপমহাব্যবস্থাপক (প্রসিডিং) মামুনুর রহমান ও পরিচালক (অর্থ) ফেরদৌস আলম গত শনিবার পাটকল পরিদর্শনে আসেন। এ সময় তাঁরা খোলা পাট থাকার প্রমাণ পান। সঙ্গে সঙ্গে তাঁরা পাটকলটির প্রকল্পপ্রধান আহসান কবীর এবং পাট ক্রয় কর্মকর্তা আলাউদ্দীনকে সাময়িক বরখাস্ত করেন। এরপর পাটকলের ব্যবস্থাপক (প্রকৌশল) সাজ্জাদ হোসেনকে প্রকল্পপ্রধানের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়। তিনি গতকাল রোববার দায়িত্ব বুঝে নিয়েছেন।
বিজেএমসির কর্মকর্তা মামুনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি তদন্ত পর্যায়ে আছে। এ কারণে গণমাধ্যমে কোনো মন্তব্য করা যাবে না।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আহসান কবীরের মুঠোফোন নম্বরে একাধিকবার ফোন দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে আলাউদ্দীন বলেন, ‘পাট ক্রয়ে আর্থিক কোনো অনিয়ম হয়নি। নিয়মানুযায়ী খোলা পাট ক্রয় করা যায় না। কিন্তু সম্প্রতি পাটকলের স্বার্থে এক ট্রাক খোলা পাট আনা হয়। এ কারণে বিজেএমসি প্রকল্পপ্রধান ও আমাকে সাময়িক বরখাস্ত করেছে।’
চার শ্রমিক বরখাস্ত
এর আগে গত বৃহস্পতিবার জেজেআইয়ের চার শ্রমিক সাময়িক বরখাস্ত হয়েছেন। তাঁরা হলেন বড় তাঁত বিভাগের সরদার তসলিম শেখ, ছোট তাঁত বিভাগের সরদার ইরাব আলী, ছোট তাঁত বিভাগের শ্রমিক আদালত হোসেন এবং পাট বিভাগের শ্রমিক আবুল কালাম। তাঁদের বিরুদ্ধে শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
পাটকলটির শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি শ্রমিকদের মজুরি কমিশনের বিপরীতে ২০ শতাংশ মহার্ঘ ভাতার বকেয়া আসে। পাটকলটির স্থায়ী শ্রমিকদের চার হাজার এবং অস্থায়ী শ্রমিকদের দুই হাজার টাকা করে পাওয়ার কথা। কিন্তু কয়েকজন শ্রমিক ওই টাকা পাস করিয়ে আনার কথা বলে অন্যদের কাছ থেকে ৫০ থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত আদায় করেন। কয়েকজন শ্রমিক এ বিষয়ে পাটকলটির তৎকালীন প্রকল্পপ্রধান আহসান কবীরের কাছে অভিযোগ করেন। বৃহস্পতিবার তিনি পাটকলটির চারজন শ্রমিককে সাময়িক বরখাস্ত করেন।