রাষ্ট্রায়ত্ত শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮৩০০ টাকা করার সুপারিশ
রাষ্ট্রায়ত্ত শিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৮ হাজার ৩০০ টাকা ও সর্বোচ্চ ১১ হাজার ৬০০ টাকা করার সুপারিশ করেছে ‘জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫’। কয়েকটি ধাপে ভাগ করে এই বেতন কাঠামো ঠিক করে কমিশনের প্রতিবেদন গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জমা দেওয়া হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এখন এটি নিয়ে একটি কমিটি গঠন করে কমিশনের সুপারিশ যাচাই-বাছাই করে মজুরি কাঠামো চূড়ান্ত করা হবে। বর্তমানে রাষ্ট্রায়ত্ত শিল্পের শ্রমিক আছে প্রায় ৭০ হাজার।
সর্বশেষ জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন ২০১০-এ রাষ্ট্রায়ত্ত শিল্পের শ্রমিকদের মজুরি প্রায় ৭০ শতাংশ বাড়িয়েছিল। ওই সময় সর্বোচ্চ মজুরি ৫ হাজার ৬০০ টাকা এবং সর্বনিম্ন ৪ হাজার ১৫০ টাকা নির্ধারণ করে মজুরি কাঠামো ঠিক করা হয়েছিল। সূত্রমতে, সরকারি কর্মচারীদের মতো রাষ্ট্রায়ত্ত শিল্পের শ্রমিকদেরও গড়ে কমবেশি শতভাগ মজুরি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এতে পৃথকভাবে উৎপাদনশীলতা কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে।
জানতে চাইলে কমিশনের চেয়ারম্যান ও সাবেক সচিব নজরুল ইসলাম খান বেতন কাঠামোর বিষয়ে কিছু বলতে রাজি হননি। তবে তিনি বলেন, এই প্রথম বাংলায় জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এ ছাড়া এবার ইলেকট্রনিক পদ্ধতিতে জরিপ করা হয়েছে এবং প্রাথমিক তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করে এ কাজটি করা হয়েছে। আগে ‘সেকেন্ডারি’ তথ্যের ভিত্তিতে কাজটি করা হতো।