রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া মুক্তিযোদ্ধার দাফন ওসিকে তলব
একজন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফনের বিষয়ে ভূমিকা জানাতে নড়াইলের নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন হাইকোর্ট। আগামী ৯ জুলাই তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। এ ছাড়া জেলার কালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তাকে ওই ঘটনার বর্ণনা করে ওই সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ‘রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই মুক্তিযোদ্ধার দাফন, ক্যারমে ব্যস্ত ওসি!’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে ১২ জুন প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম। সঙ্গে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। পরে জ্যোতির্ময় বড়ুয়া বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, নড়াইলের ডিসি-এসপিসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।