রাষ্ট্রীয় মর্যাদায় কবি বেলাল মোহাম্মদের প্রতি শেষ শ্রদ্ধা
‘জয় বাংলা, বাংলার জয়/ হবে হবে হবে, হবে নিশ্চয়/কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে/ নতুন সূর্য ওঠার এই তো সময়...’। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গাছের নিচে কফিনে মোড়া কবি বেলাল মোহাম্মদকে সামনে রেখে কণ্ঠযোদ্ধাদের হঠাৎ গাওয়া গানটি যথার্থই মনে হচ্ছিল। মুক্তি জাগানিয়া এমন গানের সঙ্গে ছিল ভক্ত, অনুরাগী, সহযোদ্ধাদের নিবেদিত শ্রদ্ধা।
গতকাল বুধবার শহীদ মিনারে ইতিহাসের সাক্ষী স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের সংগঠক বেলাল মোহাম্মদের প্রতি সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানায়। এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমঘর থেকে মরদেহ আনা হয় বাংলাদেশ বেতারের শাহবাগ কার্যালয়ে। সেখানে দীর্ঘদিনের সহকর্মীরা তাঁর প্রতি শ্রদ্ধা জানান।
বেলা ১১টা ২৫ মিনিটে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বেলাল মোহাম্মদের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। এখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর মরদেহে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতির পক্ষে সহকারী একান্ত সচিব এ কে এম মনিরুল ইসলাম। পরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পক্ষ থেকে মাহবুব উল আলম হানিফ, বিভিন্ন মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সাংসদ শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, অধ্যাপক আনিসুজ্জামান, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, মফিদুল হক, হাসান ইমাম, মুনতাসীর মামুন, শাহরিয়ার কবির, নাসির উদ্দীন ইউসুফ প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় শোক বইতে স্বাক্ষরের পাশাপাশি বিভিন্ন স্মৃতিচারণা করেন তাঁর বন্ধু, সহকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা ‘জয় বাংলা বাংলার জয়’ গান পরিবেশন করেন। এরপর উপস্থিত সবাই তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
শহীদ মিনারে বেলাল মোহাম্মদকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাখা হয়। পরে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হয়। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে মরদেহ প্রয়াতের ইচ্ছা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য দেওয়া হয়।