রাষ্ট্রীয় মর্যাদায় নীলকণ্ঠ হাজংয়ের শেষকৃত্য সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশের সৈনিক নীলকণ্ঠ হাজংয়ের শেষকৃত্য গতকাল রোববার রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
বেলা দুইটার দিকে ঢাকা থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে সিপাহি নীলকণ্ঠের মরদেহ নিয়ে আসা হয় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ঘিলাগড়া গ্রামে। হেলিকপ্টার থেকে সেনাসদস্যরা তাঁর মরদেহ কাঁধে বয়ে নিয়ে নীলকণ্ঠের বাড়ির উঠানে রাখেন। মা-বাবা, স্ত্রীসহ পরিবারের লোকজন তাঁর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। তাঁদের আহাজারিতে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে বাড়ির সামনে খোলা জায়গায় সেনাবাহিনীর একদল সদস্য তাঁর প্রতি রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। এরপর বেলা আড়াইটায় শুরু হয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মঞ্জুর মেহেদীর তত্ত্বাবধানে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
নীলকণ্ঠ হাজংয়ের বাবা রাজেন্দ্র হাজং কাঁপা কাঁপা গলায় বলেন, ‘ছেলেকে তো আর ফিরে পাব না। ছেলে শান্তির জন্য, দেশের কাজে নিজের প্রাণ দিয়েছে—এইটাই সান্ত্বনা। এই গর্ব, এই সান্ত্বনা নিয়েই আমাদের এখন বাঁচতে হবে।’ তাঁর বড় ভাই সুরঞ্জিত হাজং জানান, ২০০৩ সালে নীলকণ্ঠ হাজং সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দেন। এটাই ছিল তাঁর প্রথম শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ। ২০১৩ সালে তিনি বিয়ে করেন জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কাইতকোনা গ্রামের সঞ্চিতা হাজংকে। সঞ্চিতা হাজং ছয় মাসের অন্তঃসত্ত্বা।
পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে গত ২৫ মে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সেনাসদস্য নীলকণ্ঠ হাজং। ১৮ মে তিনি শান্তিরক্ষা মিশনে যান। রাজেন্দ্র হাজং আর অবন্তি হাজংয়ের চার ছেলে এক মেয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।