রাষ্ট্রীয় অনুষ্ঠানে অভিযুক্ত যুদ্ধাপরাধী মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ
ময়মনসিংহের ত্রিশালে গতকাল রাষ্ট্রপতি জিল্লুর রহমানের উপস্থিতিতে রাষ্ট্রীয় একটি অনুষ্ঠানে অভিযুক্ত যুদ্ধাপরাধী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকায় স্থানীয় মুক্তিযোদ্ধারা কিছুক্ষণের জন্য অনুষ্ঠান বয়কট করেন।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার দরিরামপুরে নজরুল একাডেমীতে তিন দিনব্যাপী রাষ্ট্রীয় উৎসবের উদ্বোধন করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।জানা গেছে, অনুষ্ঠানস্থলে প্রথম দিকের কয়েকটি সারির সংরক্ষিত আসনে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে এম এ হান্নানকে দেখে মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজিম উদ্দিন আহাম্মেদ আয়োজকদের বিষয়টি জানিয়ে প্রতিবাদ জানান। কিন্তু তাঁদের প্রতিবাদ আমলে না নিয়ে অনুষ্ঠান শুরু করে দিলে তিনি দাঁড়িয়ে রাষ্ট্রপাতিকে বিষয়টি অবহিত করার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাঁকে জোর করে সরিয়ে নেন। পরে মুক্তিযোদ্ধাদের একটি অংশ এ ঘটনার প্রতিবাদে অনুষ্ঠান বর্জন করে বাইরে চলে যায়। এরপর অনুষ্ঠানে উপস্থিত অন্য অতিথিরা এ ঘটনার প্রতিবাদ জানালে এম এ হান্নান অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এরপর মুক্তিযোদ্ধারা আবার অনুষ্ঠানে যোগ দেন।জেলা ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফয়েজুর রহমান ফকির বলেন, ‘সরকার যেখানে খুঁজে খুঁজে যুদ্ধাপরাধীদের বের করার চেষ্টা করছে, সেখানে সরকারের একটি মহল এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতির অনুষ্ঠানে সংরক্ষিত আসনে এনে বসিয়েছে।’