রাষ্ট্রীয় ও সাংবিধানিক মর্যাদা দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মওলানা ভাসানীকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক মর্যাদা দেওয়ার দাবি জানানোর মধ্য দিয়ে গতকাল শনিবার তাঁর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ, মানববন্ধন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম নূরুল ইসলাম প্রথমে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একে একে ভাসানীর পরিবার, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ভাসানী ফাউন্ডেশন, বিভিন্ন স্কুল-কলেজসহ সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন কবর জিয়ারত করে ও ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচ দিনব্যাপী মেলার আয়োজন করেছে ভাসানী ফাউন্ডেশন। মওলানা ভাসানীকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক মর্যাদা দেওয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। দলের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, মওলানা ভাসানী বাংলাদেশের জাতীয় চেতনার উৎস। তাঁকে বাদ দিয়ে যারা ইতিহাস রচনা করতে চায়, তারা মূলত ইতিহাসকে বিকৃত করছে। তাঁকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক মর্যাদা দেওয়ার দাবি জানান তাঁরা। মওলানা ভাসানীর আদর্শে দেশের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের জাতীয় ছাত্রদল। ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী), বাংলাদেশের জাতীয় দল দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে। এদিকে আজ ভাসানী অনুসারী পরিষদ বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে।