রাষ্ট্রীয় ক্ষমতা যাঁদের হাতে তাঁরাই দুর্নীতি করেন: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করেন, তাঁরাই দুর্নীতি করেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেছেন, যাঁদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে, তাঁরাই ক্ষমতার অপব্যবহার করেন। কোনো ফাইল এলে তাঁদের বিভিন্নভাবে সন্তুষ্ট না করা পর্যন্ত সে ফাইল নড়ে না। এ ধরনের দুর্নীতির কারণেই দেশের অগ্রগতি হচ্ছে না বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদ বিষয়ের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দেশের ৯৫ শতাংশ মানুষ কৃষক ও শ্রমিক। তাঁরা কেউ দুর্নীতি করেন না।আইনমন্ত্রী সিডির মোড়ক উন্মোচন করে বলেন, নিজের বিবেক হচ্ছে বড়। এসব সিডি বা বই প্রকাশ করে দুর্নীতি কমানো যাবে না। যাঁরা ঘুষ খান, তাঁদের টেবিলে এই বই বা সিডি যাবে না। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিচার ও সংসদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব শহীদুল হক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রিজওয়ান খায়ের, জার্মান টেকনিক্যাল কো অপারেশনের প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমুখ।