রাষ্ট্রীয় খরচে নির্যাতিত গৃহবধূর চিকিৎসা
যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার গৃহবধূ রুজিনা আকতারকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর করা মামলার প্রধান আসামি স্বামী আবুল বশারের জামিন বাতিল করে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।গতকাল বৃহস্পতিবার পটুয়াখালীর গলাচিপার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত ওই মামলার বিশেষ শুনানির পর এ আদেশ দেন। এর আগে গত বুধবার একই আদালত স্বতঃপ্রণোদিত এক আদেশে জানতে চান, ওই মামলার আসামিদের জামিন কেন বাতিল করা হবে না। বুধবার প্রথম আলোয় ‘বাবুরে নিয়া আমি বাঁচতে চাই’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে গলাচিপার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. নূরুজ্জামান স্বতঃপ্রণোদিত হয়ে বুধবার এই আদেশ দেন। ওই রাতে আদেশের অনুলিপি গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও আসামিপক্ষের আইনজীবীদের কাছে পৌঁছানো হয়।মামলার আদেশে আসামিপক্ষের আইনজীবীদের বৃহস্পতিবার বেলা একটার মধ্যে আদালতে লিখিতভাবে কারণ দর্শানোর এবং আসামিদের ওই সময়সীমার মধ্যে আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে রুজিনা আকতারকে তাঁর সন্তানসহ অভিযুক্ত পক্ষের (শ্বশুর, শাশুড়ি ও স্বামী) দখল থেকে উদ্ধার করে একই দিন দুপুর ১২টার মধ্যে আদালতে উপস্থাপনের জন্য গলাচিপা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়।ওই আদেশে বলা হয়, প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে রুজিনা আকতারের করা মামলাটি পর্যালোচনা করে দেখা যায়, প্রধান আসামি আবুল বশারের নির্যাতন না করা এবং শান্তিপূর্ণ দাম্পত্য জীবনযাপনের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে গত ১৩ ডিসেম্বর বাদী রুজিনা আকতারকে প্রকাশ্য আদালত থেকে তাঁর স্বামী প্রধান আসামি আবুল বশারের সঙ্গে নিজ বাড়িতে পাঠানো হয়। পরবর্তী ধার্য তারিখে (১৫ জানুয়ারি) আবুল বশার এবং রুজিনা আকতারকে একসঙ্গে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ওই তারিখে আবুল বশার আদালতে হাজির হলেও রুজিনা আকতারের পক্ষে সময় প্রার্থনা করা হয়। এরই মধ্যে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, মামলার ধার্য তারিখের আগের দিন ১৫ জানুয়ারি রুজিনাকে বেধড়ক মারধর করা হয়।গতকাল বৃহস্পতিবার দুপুরে একই আদালতে মামলার বিশেষ শুনানির পর রুজিনা ও তাঁর শিশুপুত্র মাহাদীকে ২৯ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দিতে বলা হয়। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। হাসপাতালে ভর্তি থাকাকালে তাঁদের প্রয়োজনীয় দেখভাল করার জন্য নির্দেশ দেওয়া হয় উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে। আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইউএনও রুজিনা ও তাঁর ছেলে মাহাদীর ভরণপোষণ এবং চিকিৎসার ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করবেন। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গলাচিপা থানার ওসিকে রুজিনা ও তাঁর ছেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আবুল বশার ও তাঁর মা রাজিয়া বেগমের হাতে রুজিনার নতুন করে লাঞ্ছিত হওয়ার বিষয়ে তদন্ত করে ২৯ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়।আসামি আবুল বশারের আইনজীবী মো. মোকলেছুর রহমান গতকাল আদালতকে জানান, আবুল বশারের বাড়িতে গিয়ে রুজিনার সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পেয়েছেন। এ অবস্থায় তিনি বশারের হয়ে মামলা পরিচালনায় অপারগতা প্রকাশ করেন। তিনি বশারের জামিনদার ও পক্ষের আইনজীবীর পদ থেকে আদালতের কাছে অব্যাহতি চাইলে আদালত তাঁকে মামলার দায় থেকে অব্যাহতি এবং জামিনদারের দায় থেকে অবমুক্ত ঘোষণা করেন। আসামিপক্ষের অপর আইনজীবী মো. নাসিরউদ্দিন সিকদারও অনুরূপ আবেদন করায় তাঁকেও আসামিপক্ষের মামলা পরিচালনার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের বড়চত্রা গ্রামের গৃহবধূ রুজিনা আকতারকে যৌতুকের দাবিতে তাঁর স্বামী আবুল বশার ও শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছিল। এ ঘটনায় রুজিনা আদালতে মামলা করলে তাঁর ওপর নির্যাতন আরও বেড়ে যায়। এ ব্যাপারে ২৪ জানুয়ারি প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।