রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু

ভোটকেন্দ্রে নাশকতার আশঙ্কায় অনেকেই ভোট গ্রহণের দায়িত্ব পালন থেকে সরে দাঁড়িয়েছিলেন। তাঁকেও দায়িত্ব নিতে নিষেধ করেছিলেন অনেকে। কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব এড়ানো ঠিক নয় জানিয়ে নির্বাচনের আগের দিনই ভোটকেন্দ্রে চলে যান জোবায়দুল হক (৫৫)। সেই দায়িত্ব পালন করতে গিয়েই দুর্বৃত্তদের হামলায় গত শনিবার রাতে তিনি মারা যান।
জোবায়দুলের বাড়ি ঠাকুরগাঁও শহরের নরেশ চৌহান সড়কের ঘোষপাড়ায়। দশম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী ছেপড়িকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পান ঠাকুরগাঁওয়ের সালন্দর ডিগ্রি মহাবিদ্যালয়ের পরিদর্শক জোবায়দুল হক। শনিবার রাতে বিএনপি-জামায়াতের কর্মীরা ওই প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা চালালে তিনি নিহত হন। দায়িত্বে অবিচল মানুষটিকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ভোটকেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপের পর বিএনপি-জামায়াতের কর্মীরা ভোট গ্রহণের কাজে নিয়োজিত লোকজনের ওপর হামলা চালান। হামলায় জোবায়দুল হক ও দুই পুলিশ কনস্টেবল আহত হন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্মরত চিকিৎসক জোবায়দুল হককে মৃত বলে ঘোষণা করেন।
কেন্দ্রে দায়িত্বে থাকা আনসার-ভিডিপির গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন প্রধান রেহেনা বেগম বলেন, ‘হামলার সময় স্যার ভোটের ব্যালট ও কাগজপত্র কিছুতেই হামলাকারীদের হাতে দিতে চাচ্ছিলেন না। কাগজগুলো বুকে চেপে ধরেছিলেন।’
জোবায়দুলের ছোট ভাই জিয়াউল হক জানান, শনিবার বেলা সাড়ে তিনটার দিকে মা-বাবার কাছে বিদায় নিয়ে ভোটকেন্দ্রে চলে যান। রাত ১১টার দিকে খবর আসে তিনি মারা গেছেন। তিনি আরও জানান, জোবায়দুলের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। ঘটনার পর থেকেই স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। মেয়ে রেজওয়ানা হক দুই সন্তানের মা। আর ছেলে রকিবুল হক বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।
রেজওয়ানা হক বলেন, সবাই সাবধানে থাকতে বললেও তিনি সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। সালন্দর ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষক আফজাল হোসেন বলেন, ‘জোবায়দুল ভাই ভদ্র ও বিনয়ী মানুষ ছিলেন। সব সময় তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতেন। আর দায়িত্ব পালন করতে গিয়েই তাঁর মৃত্যু হলো। একজন ভালো মানুষকে এভাবে মরতে হবে কখনো ভাবিনি।’