দশ ট্রাক অস্ত্র মামলায় আদালতের পর্যবেক্ষণ
রাষ্ট্রীয় দুই গোয়েন্দা সংস্থার আশ্রয় প্রশ্রয়ে এত বড় অপরাধ!
‘প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তর (ডিজি-এফআই) ও গোয়েন্দা সংস্থার (এনএসআই) ঊর্ধ্বতন কর্মকর্তারাই প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে রেখে হাতে হাত মিলিয়ে দেশে অস্ত্র খালাসের মতো বড় অপরাধ সংগঠন করেছেন। আমাদের এনএসআই ও ডিজিএফআইয়ের লোকজন যদি আশ্রয়-প্রশ্রয় না দিতেন, তাহলে এত বড় অপরাধ বাংলাদেশে ঘটতে পারত না।’
দশ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালান মামলার রায়ের পর্যবেক্ষণে চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান এসব কথা বলেন।
পর্যবেক্ষণে আদালত বলেন, ‘তাঁরা আরও কিছু দেশের দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক রেখে হাজার হাজার ডলার ও আকর্ষণীয় উপহারসামগ্রী গ্রহণ করেছেন এবং উলফা নেতা পরেশ বড়ুয়াসহ অন্য দেশের আতিথেয়তা গ্রহণপূর্বক দেশ-বিদেশে একাধিক গোপন মিটিংয়ে উপস্থিত থেকেছেন। নিজ দেশের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিয়ে গোটা জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তাই সামরিক-বেসামরিক এসব বিপথগামী ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবশ্যই তাঁদের কৃত অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি প্রদান করাই সমীচীন হবে। তাঁদের সঙ্গে একই কারণে যেসব বেসামরিক কর্মকর্তা ও রাজনীতিবিদ স্থানীয় চোরাকারবারী ও প্রতিবেশী দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতাদের সঙ্গে হাত মিলিয়ে পূর্ব পরিকল্পিতভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দশ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশের জলসীমা ও স্থলভাগ ব্যবহার করে চোরাচালান করে বড়মাপের নজিরবিহীন অপরাধ করেছেন, (সেসব) আসামিরা সর্বোচ্চ শাস্তি না পেলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়া অসম্ভব কিছুই নয়।’
আদালতের পর্যবেক্ষণে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জামায়াত নেতা মতিউর রহমান নিজামী সম্পর্কে বলা হয়েছে, তাঁরা স্বরাষ্ট্র ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে এই বিশাল অস্ত্র মামলার ঘটনাটি সংগঠিত হয়। সারা বিশ্বে এত বড় অস্ত্রের মামলা আর কোনো দেশে হয়েছে কিনা আমার জানা নেই। এই মামলার জব্দকৃত অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ দিয়ে একটি ছোটখাটো ক্যান্টনমেন্ট খুব ভালোভাবে পরিচালনা করা যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আসামি বাবর এত বড় একটি অপরাধের সঙ্গে যুক্ত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা না নিয়ে পুরো ব্যাপারটিকে ছলে বলে কৌশলে আড়াল করার চেষ্টা করেছেন এবং তাঁরা নিজেরাও সরকারের উচ্চপর্যায়ে ঘটনা সম্পর্কে জানেন বা সরকারের তথাকথিত ন্যাশনাল ইন্টারেস্ট জড়িত রয়েছে বলে উল্লেখ করার কথা সাক্ষ্য প্রমাণে পাওয়া গেছে।’
বাবর প্রসঙ্গে রায়ের পর্যবেক্ষণে বিচারক আরও উল্লেখ করেন, ঘটনার পরপরই তাঁর অধীন এনএসআই সদস্যদের ঘটনার সঙ্গে জড়িত না করা, ঘটনাস্থলে আটক হওয়া পাঁচ উলফা সদস্যকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন, অস্ত্র পরিদর্শনের পর পুলিশ কমিশনারের কক্ষে মিটিং করে পুলিশ কমিশনার ও উপপুলিশ কমিশনারকে (বন্দর) প্রকৃত ঘটনা উন্মোচিত হওয়ার আশঙ্কায় সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার প্রদানে নিষেধ করেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির তদন্ত রিপোর্টে এনএসআইয়ের সম্পৃক্তার বিষয়টি উল্লেখ না করার জন্য নির্দেশ দেওয়ায় স্পষ্টত বোঝা যায়, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এ মামলার ঘটনার সঙ্গে পুরোপুরিভাবে জড়িত ছিলেন।’
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় বাবর নিজামীসহ ১৪ জনকে যাবজ্জীবন, চোরাচালান মামলায় ফাঁসি ও পাঁচ লাখ টাকা করে জরিমানা করেন আদালত। বিচারক হাতে লেখা সংক্ষিপ্ত রায় পড়ে শোনান। ৩ ফেব্রুয়ারি ৫১৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ২০০৪ সালের ১ এপ্রিল নগরের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ে। এ ঘটনায় অস্ত্র আটক ও চোরাচালান আইনে পৃৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ।