জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আলব্রেখট কনজে বলেছেন, বাংলাদেশের কিছু এলাকায় আইনশৃঙ্খলার অবনতি উদ্বেগজনক৷ তাঁর মতে, বাংলাদেশের কয়েকটি জায়গা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আলব্রেখট কনজে। তিনি এদিন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
নারায়ণগঞ্জের সাত খুন ও ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হকের প্রসঙ্গ টেনে জার্মান রাষ্ট্রদূত বলেন, ‘ঢাকার অদূরেই অত্যন্ত ভয়াবহ কিছু ঘটনা আমরা লক্ষ করেছি। তাই দেশের জনগণের স্বার্থে সর্বত্র আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি এবং এ মুহূর্তে তা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ বটে।’
বিদায়ী জার্মান রাষ্ট্রদূত বলেন, আইনশৃঙ্খলা সমস্যার রাতারাতি সমাধানের জন্য সারা দেশে সরকারের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা প্রয়োজন৷ কারণ, বাংলাদেশের কয়েকটি জায়গা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আলব্রেখট কনজে বলেন, লোকজন যদি বাড়ি থেকে বের হতে ভয় পায়, এ জন্য কিছু করাটা রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক হয়ে পড়ে। সূচনালগ্ন থেকেই বাংলাদেশ নানা রকম চ্যালেঞ্জ মোকাবিলা করে আসছে। কিন্তু আগামী মাসগুলোতে এবং বছরগুলোতে বাংলাদেশ যে চ্যালেঞ্জের মুখোমুখি হবে, তার ধরন অতীতের চেয়ে আলাদা বলে মত দেন জার্মান রাষ্ট্রদূত।
আলব্রেখট কনজে সাংবাদিকদের জানান, স্পিকার তাঁকে এটা বলে আশ্বস্ত করেছেন যে শেখ হাসিনার সরকার সব নাগরিকের জানমাল রক্ষায় আইনের আওতায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
গত ৫ জানুয়ারির নির্বাচনের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে জার্মান রাষ্ট্রদূত জানান, এ নিয়ে ইউরোপের অবস্থানের পরিবর্তন হয়নি। তবে অতীতের চেয়ে ভবিষ্যৎ বেিশ গুরুত্বপূর্ণ এটাই আমার উত্তরসূরিকে বলে যাব। অতীতের মতো ভবিষ্যতেও চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে জার্মানি।