মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘দেশে শুধু আইন থাকলেই হবে না, বাস্তবায়ন করতে হবে। এ জন্য আমাদের ঘুমন্ত বিচারকদের জেগে উঠতে হবে। আমাদের সমগ্র বিচার বিভাগ ঘুমন্ত। তাঁদের জাগ্রত দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় রাষ্ট্রীয় বৈষম্যের অবসান হবে না।’গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘প্রান্তিক জনগোষ্ঠীর মর্যাদা প্রতিষ্ঠায় বৈষম্য নিরোধ আইনের প্রাসঙ্গিকতা’ শীর্ষক এক সেমিনারে মিজানুর রহমান এ কথা বলেন। সেমিনারে অংশগ্রহণকারী দলিত ও প্রান্তিক সম্প্রদায়ের কয়েকজনের কাছে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানতে চান, এবার তাঁদের আদমশুমারিতে অন্তর্ভুক্ত করা হয়েছে কি না। জবাবে সাঁওতাল সম্প্রদায়ের একজন বলেন, তাঁদের সাঁওতাল সম্প্রদায় হিসেবে গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি। যৌনকর্মীদের একজন বলেন, তাঁদের গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি। হিজড়া সম্প্রদায়ের একজন বলেন, তাঁদের হিজড়া হিসেবে গণনা করা হয়েছে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘৪০ বছর ধরে রাষ্ট্র এভাবেই জনগণের সঙ্গে প্রতারণা করছে। কেন আমাদের এই জনগোষ্ঠীকে গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি? ২৬ মার্চ আন্তর্জাতিক বর্ণ-বৈষম্য বিলোপ দিবস-২০১১ উপলক্ষে বাংলাদেশ দলিত পরিষদ, ফেয়ার ও মানুষের জন্য ফাউন্ডেশন গতকাল এই সেমিনারের আয়োজন করে।