রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই মুক্তিযোদ্ধার লাশ দাফন
মুক্তিযোদ্ধা কমান্ডারকে জানানোর পরও শেষ বিদায়ে রাষ্ট্রীয় মর্যাদা পাননি নোয়াখালীর বেগমগঞ্জের মুক্তিযোদ্ধা সাঈদুল হক চৌধুরী (৭০)। ঘটনাটি ঘটে গত রোববার রাতে নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের সিন্ধুরকাইত গ্রামের।নিহত মুক্তিযোদ্ধা সাঈদুল হকের ছেলে গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে জানান, তাঁর বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় বাড়িতে ছিলেন। রোববার বিকেলে তিনি মারা যান। তাঁর মৃত্যুর পর একই গ্রামের মুক্তিযোদ্ধা হোসেন মিয়ার মাধ্যমে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন বাঙালিকে ঘটনাটি অবহিত করেন।সাঈদুল হকের ছেলে আরও জানান, একই সময় মুক্তিযোদ্ধা হোসেন মিয়াকে তাঁর বাবার জানাজা রাত নয়টায় নিজ বাড়িতে হবে বলে জানিয়ে লাশটি রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা নিতে অনুরোধ করেন। এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার রাতের বেলায় রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন। পরে তাঁরা বাধ্য হয়ে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই লাশ দাফন করেন।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ আবুল হোসেন বাঙালি বলেন, ‘ওই এলাকার একজন মুক্তিযোদ্ধা সন্ধ্যা সাতটার দিকে তাঁকে ওই মৃত্যুর সংবাদটি জানিয়ে বলেছিলেন, রাত আটটা-নয়টার দিকে জানাজা অনুষ্ঠিত হবে। কিন্তু রাতের বেলায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নিয়ম নেই বিধায় আমরা পরদিন দাফন করার কথা বলেছিলাম। পরে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কিংবা ওই মুক্তিযোদ্ধা আর কিছুই জানাননি।’জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজামেঞ্চল হক মিলন বলেন, ‘রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য রাত-দিন কোনো বিষয় নয়। হয়তো রাতের বেলায় বিহগল বাজানো হয় না। কিন্তু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি। আমরা কয়েক দিন আগেই তো বেগমগঞ্জে আরেক মুক্তিযোদ্ধাকে রাতের বেলায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করেছিলাম।’