রাষ্ট্রীয় মর্যাদা পেলেন না মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা মুক্তিযুদ্ধের সংগঠক ডা. অতুল চন্দ্র সরকার (৮০) বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার পরলোকগমন করেন। ওই দিন রাতে পারিবারিক শ্মশানে তাঁর লাশ দাহ করা হয়। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের থানাওয়ারি তালিকায় অতুল চন্দ্র সরকারের নাম রয়েছে। এ ছাড়া সিলেট জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, সুনামগঞ্জ মহকুমা ইউনিট ও জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকায় নাম না থাকায় প্রশাসন তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেনি। অতুল চন্দ্রের বড় ছেলে সাংবাদিক অরূপ সরকার জানান, উপজেলা মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রস্তুতকালে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হলেও চূড়ান্ত তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়নি। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ বলেন, ‘তালিকায় নাম না থাকায় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করতে পারিনি।’