রাষ্ট্রীয় মর্যাদায় জিকুর দাফন সম্পন্ন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাবেক সভাপতি নূরে আলম জিকুকে গতকাল সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হয়েছে।গতকাল দুপুর ১২টায় জিকুর মরদেহ তাঁর স্মৃতিবিজড়িত জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়। সেখানে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়াসহ অন্য নেতারা তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। জিকুর মরদেহ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কার্যালয়েও নেওয়া হয়। সেখানে জেএসডি কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষে সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে ও বাদ আসর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তাঁর মরদেহ মিরপুর মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হয়েছে।জিকুর মৃত্যুতে বাংলাদেশ ছাত্রলীগ (অদলীয়), জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ নারী মুক্তি আন্দোলন ও রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) পক্ষ থেকে শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।