রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ক্রয় বিভাগের ব্যবস্থাপক নারী মুক্তিযোদ্ধা আনোয়ারা আবেদীন চৌধুরীর (৫৮) লাশ গতকাল রোববার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আসরের নামাজ শেষে হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে জানাজা হয়। পরে তাঁর লাশ দরগাহসংলগ্ন গোরস্তানে দাফন করা হয়।গত বৃহস্পতিবার বিকেলে আনোয়ারার অর্ধগলিত লাশ নগরের লামাবাজার পুলেরপাড় এলাকার নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে যে তাঁকে খুন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। গতকাল রোববার দুপুরে সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের আসামি করে হত্যা মামলা করা হয়েছে।মামলার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ প্রথম আলোকে জানান, খুনের কারণ উদ্ঘাটনের পাশাপাশি খুনিদের শনাক্ত করার চেষ্টা চলছে। আনোয়ারা মুক্তিযুদ্ধের সময় চার নম্বর সেক্টরে যুদ্ধ করেন।