রাষ্ট্রীয় মর্যাদায় মহাশ্বেতা দেবীর শেষকৃত্য সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত সাহিত্যিক ও মানবাধিকারকর্মী মহাশ্বেতা দেবীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে তাঁর মরদেহ দাহ করা হয়।
এর আগে মহাশ্বেতা দেবীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে হিমঘর পিস ওয়ার্ল্ড থেকে সকাল ১০টায় তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় কলকাতার রবীন্দ্রসদনে। রবীন্দ্রসদনে বেলা একটায় তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও শ্রদ্ধা জানান রাজ্য মন্ত্রিসভার সদস্য, সাংসদ, বিধায়ক, স্পিকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এরপর কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ কলকাতার বিশিষ্টজনেরা শ্রদ্ধা জানান। সর্বস্তরের জনতাও এখানেই মহাশ্বেতা দেবীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা নিবেদন শেষে মহাশ্বেতা দেবীর মরদেহ নিয়ে একটি শোক র্যালি বের হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এ মিছিলে যোগ দেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি কেওড়াতলা মহাশ্মশানে গিয়ে শেষ হয়। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দেওয়ার পর তাঁর মরদেহ শেষকৃত্যের জন্য শ্মশানে তোলা হয়। তাঁর মুখাগ্নি করেন নাতি তথাগত ভট্টাচার্য।
গত বৃহস্পতিবার কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন মহাশ্বেতা দেবী। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ১৯২৬ সালের ১৪ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি।