রাষ্ট্রীয় মর্যাদায় মীর শওকত সমাহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল (অব.) মীর শওকত আলী বীর উত্তমের মরদেহ রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। সর্বস্তরের অসংখ্য মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে এবং পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল সোমবার বিকেল পৌনে চারটায় মীর শওকতের মরদেহ দাফন করা হয়।এর আগে গতকাল সকাল সাড়ে ১০টায় এই বীর মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে আসা হয় তাঁর নির্বাচনী এলাকা পুরান ঢাকায় লালবাগের শাহী মসজিদে। এখানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসির) পুরান ঢাকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা জানাজায় অংশ নেন।লালবাগ শাহী মসজিদ থেকে বেলা ১১টার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখানে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতা ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা ফুল দিয়ে মীর শওকতকে শেষ শ্রদ্ধা জানান।বিএনপির কার্যালয়ে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হয়। এখানে প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেত্রীর পক্ষে প্রয়াতের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জানাজায় জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকার মেয়র ও সাংসদেরা অংশ নেন।জাতীয় সংসদ ভবন থেকে বেলা আড়াইটায় মীর শওকতের মরদেহ নিয়ে যাওয়া হয় সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে। এখানে সেনা, নৌ, বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা, সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা ছাড়াও মীর শওকতের স্ত্রী তাহমিনা শওকত, মেজো মেয়ে সোনিয়া, ছোট মেয়ে তানিয়াসহ প্রয়াতের ভাই, বোন ও আত্মীয়স্বজন অংশ নেন। সেনানিবাস থেকে বেলা পৌনে তিনটার দিকে জাতীয় পতাকায় আচ্ছাদিত এই বীর মুক্তিযোদ্ধার মরদেহ বনানীতে সামরিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। এখানে পুলিশের একটি দল প্রথমে প্রয়াতের প্রতি সশস্ত্র সালাম ও গার্ড অব অনার দেন। এরপর বিউগলের করুণ সুর বেজে ওঠে। এর মধ্য দিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও এক বীর মুক্তিযোদ্ধার বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি ঘটল।