রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত প্রমোদ মানকিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনকে গতকাল শুক্রবার সমাহিত করা হয়েছে। গতকাল বেলা সাড়ে তিনটায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কসুন্দরা গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় তাঁকে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সাংসদ প্রমোদ মানকিনের মরদেহ গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কসুন্দরা গ্রামের বাড়িতে নেওয়া হয়। গতকাল সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রয়াত প্রতিমন্ত্রীর মরদেহ কসুন্দরা গ্রামের পাশে বিরইডাকনি উচ্চবিদ্যালয় মাঠে রাখা হয়। সেখানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রমোদ মানকিনকে শেষ শ্রদ্ধা জানান।
দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত মরদেহ রাখা হয় বিরইডাকনি গ্রামের গির্জায়। পরে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রার্থনা শেষে নিজস্ব ধর্মীয় রীতিতে প্রতিমন্ত্রীর মরদেহ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এ সময় হালুয়াঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেন ইউএনও হেলালুজ্জামান সরকার। ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক এ সময় উপস্থিত ছিলেন।
বুধবার ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রমোদ মানকিন (৭৭)। তিনি ফুসফুসের ক্যানসারজনিত সমস্যায় ভুগছিলেন।