রাষ্ট্রীয় মর্যাদায় সাংসদ মতিউরের দাফন সম্পন্ন
টাঙ্গাইল-৩ আসনের সাংসদ মতিউর রহমানের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল সোমবার ঘাটাইলের খিলগাতী গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। মতিউর রহমানের মরদেহ গতকাল দুপুরে ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকা ঘাটাইলে আনা হয়। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ ঘাটাইল সদরের কাজি রোডের বাসায় রাখা হয়। এ সময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে উপজেলা সদর ঈদগাহ মাঠে জানাজা হয়। উপজেলার পাকুটিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে আরেক দফা জানাজা হয়। এরপর তাঁর নিজ গ্রাম খিলগাতীতে জানাজা শেষে বাদ আসর দাফন সম্পন্ন হয়। এর আগে রোববার দুপুরে মতিউর রহমানের মরদেহ ভারত থেকে বিমানযোগে ঢাকায় আনা হয়। ওই দিন সংসদ ভবন চত্বর ও তাঁর কর্মস্থল ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে জানাজা শেষে মরদেহ হিমঘরে রাখা হয়। মতিউর রহমান ১৩ সেপ্টেম্বর রাতে ভারতের বেঙ্গালুরুতে এশিয়া কলাম্বিয়া রেফারেল হাসপাতালে মারা যান। তিনি গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন।