রাষ্ট্রীয় শিল্প-শ্রমিক আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানার শ্রমিকদের মজুরিকাঠামো নির্ধারণ এবং মজুরি স্কেল বাস্তবায়ন-প্রক্রিয়া আইনি কাঠামোয় নিতে ‘পণ্য উৎপাদনশীল রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলি) আইন, ২০১২-এর খসড়া নীতিগত ও শর্ত সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনটির অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, অনুমোদিত খসড়াটির সংশোধন ও প্রয়োজনীয় মতামত (ভেটিং) নিতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আপাতত সংসদের অধিবেশন না থাকায় আইন মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর অধ্যাদেশ আকারে জারি করা হবে।মন্ত্রিপরিষদ সচিব জানান, গত ২৯ মার্চ মন্ত্রিসভা রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানার শ্রমিকদের জন্য একটি নতুন মজুরিকাঠামো নির্ধারণ করে। ওই কাঠামো বাস্তবায়নে নতুন এই আইন হচ্ছে। রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক (চাকরির শর্তাবলি) আইন রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকের জন্য তৈরি নতুন মজুরিকাঠামোতে সর্বোচ্চ পাঁচ হাজার ৬০০ টাকা এবং সর্বনিম্ন চার হাজার ১৫০ টাকা মূল বেতন ধরা হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, শ্রমিকেরা ২০০৯ সালের ১ জুলাই থেকে এই নতুন কাঠামোতে বেতন ও অন্যান্য সুবিধা পাবেন। তবে এসব সুবিধা তাঁদের চার কিস্তিতে দেওয়া হবে। শ্রমিকেরা নতুন কাঠামোর বকেয়া বেতনের প্রথম কিস্তি পাবেন আগামী সেপ্টেম্বর মাসে, দ্বিতীয় কিস্তি আগামী ২০১৩ সালের মার্চ, তৃতীয় কিস্তি একই বছরের জুলাইয়ে এবং চতুর্থ কিস্তি ডিসেম্বরে পাবেন। মূল বেতন ছাড়াও তাঁরা বাড়িভাড়া ৫০ শতাংশ, চিকিৎসা ভাতা ৭০০ টাকা, টিফিন ১৫০ টাকা, ধোলাই ভাতা ১৫০ টাকা, শিক্ষাসহায়ক ভাতা, দুটি উৎসব ভাতা, গ্রাচ্যুইটিসহ অন্য সুযোগ-সুবিধা কাঠামো অনুযায়ী পাবেন। বৈঠকে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) (সংশোধন) আইনের খসড়াও চূড়ান্ত অনুমোদন করা হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এর আগে গত ফেব্রুয়ারি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইন, ২০১২ জাতীয় সংসদে পাস করা হয়। অসাবধানতাবশত ছাপায় ভুল থাকায় আইনটির সংশোধনের প্রয়োজন পড়ে।