রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন
একাত্তরে দেশজুড়ে চলছে পাকিস্তানি হানাদারদের হত্যাযজ্ঞ। ৯ এপ্রিল ওই হানাদারেরা প্রথমবারের মতো সিলেট শহরে আক্রমণ করে। আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে তারা বেছে নেয় সিলেট সদর হাসপাতাল। সেখানে সাধারণ মানুষের চিকিৎসায় ব্যস্ত ছিলেন শল্যচিকিৎসক শামসুদ্দিন আহমদ থেকে শুরু করে অ্যাম্বুলেন্সচালক কোরবান আলী। পাকিস্তানি বাহিনী ওই দিন সেখানে হামলা চালিয়ে তাঁদেরসহ আরও কয়েকজনকে হত্যা করে।
স্বাধীনতার ৪৪ বছরেও হানাদার বাহিনীর হাতে শহীদ হওয়া এসব ব্যক্তির মেলেনি স্বীকৃতি। গতকাল বৃহস্পতিবার ছিল সেই নির্মম হত্যাকাণ্ডের ৪৪ বছর পূর্তি। আর এ দিনটি স্মরণে বিকেল সোয়া চারটায় নগরের চৌহাট্টা এলাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সামনে নাগরিক মৈত্রী সিলেট আয়োজন করেছিল এক মানববন্ধন কর্মসূচির। সেখান থেকে শহীদদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক সজরবিজয় সী শেখর প্রথম আলোকে বলেন, ‘৪৪ বছরেও পাক হানাদারদের নৃশংসতার শিকার শহীদ চিকিৎসক ও কর্মচারীরা কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। তাঁদের যথাযোগ্য স্বীকৃতি প্রদানের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে কর্মসূচিটি পালন করা হয়েছে।’