রাষ্ট্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবহেলার কারণেই নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের পুণ্যস্নানে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেছেন, যদি বিশ্ব ইজতেমায় র্যা ব-পুলিশ মোতায়েন থাকতে পারে, পুণ্যস্নানে কেন থাকবে না?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এক আলোচনা সভায় গতকাল শনিবার মিজানুর রহমান এসব কথা বলেন। আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে মাইনরিটি রাইটস ফোরাম ‘জাত-পাত, বর্ণ-বৈষম্য বিলোপ কর: সম-অধিকার সমমর্যাদা নিশ্চিত কর’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।
সভার প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, ‘আমাদের রাষ্ট্রকে অবশ্যই ধর্মনিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক হতে হবে। বিশ্ব ইজতেমার সময় যদি নিরাপত্তার জন্য প্লাটুন প্লাটুন র্যা ব-পুলিশ মোতায়েন করা হয়, লাঙ্গলবন্দে পুণ্যস্নানে কেন র্যা ব-পুলিশ ছিল না? কেন এই অবহেলা ও অব্যস্থাপনার কারণে মানুষকে প্রাণ দিতে হলো? রাষ্ট্রের কি এতটুকু দায়দায়িত্ব ছিলনা?’
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ নিখোঁজ হওয়ার বিষয়ে মিজানুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সালাহ উদ্দিনকে সশরীরে জনসম্মুখে কিংবা আদালতে হাজির করতে পারলে প্রমাণিত হবে যে তাঁকে গ্রেপ্তার করা হয়নি। তিনি বলেন, যেকোনো নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রথম বর্তায় রাষ্ট্রের ওপর। বাংলাদেশে যখন যে দল ক্ষমতায় থাকে, তাদের পোয়াবারো। কিন্তু বিরোধী দলের অনুসারী হলে তাঁর প্রতি বৈষম্যমূলক আচরণ প্রতি পদে পদে হতে পারে। এর থেকে জাতি ও রাষ্ট্রকে মুক্ত করতে হবে।