রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধে প্রস্তাব গৃহীত হচ্ছে

দুর্বল দেশের অভ্যন্তরীণ বিষয়ে সবল দেশের হস্তক্ষেপ বন্ধে প্রথমবারের মতো একটি প্রস্তাব নিতে যাচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। কাল বুধবার আইপিইউর পাঁচ দিনের সম্মেলনের শেষ দিনে এটি গৃহীত হওয়ার কথা রয়েছে।
জানতে চাইলে আইপিইউর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, সাধারণ নিরাপত্তা ইস্যু নিয়ে সব সম্মেলনেই আলোচনা হয়ে থাকে। কিন্তু এ নিয়ে প্রস্তাব গ্রহণ করার জন্য এবারই প্রথমবারের মতো শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক কমিটি ওই প্রস্তাব গ্রহণ করেছে। কমিটি কোনো সুপারিশ করলে নির্বাহী কমিটি সাধারণত তা অনুমোদন করে।
বিশ্বের সর্বোচ্চ সংসদীয় ফোরাম আইপিইউর ১৩৬তম সম্মেলন গত শনিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে।
আইপিইউর ইতিহাসে এই প্রথম সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধে প্রথমবারের মতো এমন প্রস্তাব গ্রহণ করা হচ্ছে। প্রস্তাবটি নিয়ে সম্মেলনে অংশ নেওয়া উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। টানা তিন দিন আইপিইউর শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক উপকমিটির বৈঠকে প্রস্তাবের পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক হয়েছে।
ওই প্রস্তাবের পক্ষে জোরালোভাবে অবস্থান নেয় রাশিয়া, চীন, ভারত, থাইল্যান্ড, স্বাগতিক বাংলাদেশসহ অন্তত ৩৫টি দেশ। প্রস্তাবটির বিপক্ষে অবস্থান নেওয়া উন্নত দেশগুলোর মধ্যে রয়েছে জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম ও সুইজারল্যান্ড।
গতকাল দুপুরে মধ্যাহ্ন বিরতির পর আইপিইউর ফার্স্ট কমিটির প্রেসিডেন্ট লরা রোহা প্রথম আলোকে বলেন, খসড়ার সংশোধনী শেষে প্রস্তাবটি গভর্নিং কাউন্সিলে পাঠানো হবে। এরপর সাধারণ অধিবেশনে সম্মেলনের শেষ দিনে খসড়া প্রস্তাবটি গৃহীত হবে।
কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধে প্রস্তাবিত খসড়া নিয়ে ভোটাভুটি হবে কি না জানতে চাইলে লরা রোহা বলেন, সাধারণত স্থায়ী কমিটি থেকে প্রস্তাবসহ কোনো বিষয় গভর্নিং কাউন্সিলে পাঠানো হলে অধিবেশনে তা গৃহীত হয়ে থাকে। খুব বেশি মতপার্থক্য না থাকলে অধিবেশনে তা নিয়ে ভোটাভুটির সুযোগ খুব কম।
রাশিয়ার পার্লামেন্ট ফেডারেল অ্যাসেম্বলির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান আন্দ্রে ক্লিমভ প্রথম আলোকে বলেন, ‘আইপিইউর সদস্যদেশগুলোতে হস্তক্ষেপ বন্ধ নিয়ে কথা বলেছি। গৃহযুদ্ধসহ বিভিন্ন যুদ্ধ, বিদ্রোহ শুধু নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝির কারণে হয় না। এসব ঘটনাপ্রবাহের পেছনে বাইরের ভূমিকা থাকে। তাই আমরা এ ধরনের অবৈধ হস্তক্ষেপ বন্ধ করার কথা বলেছি। আফ্রিকায় গত সম্মেলনে বিষয়টি নিয়ে প্রথম আলোচনা হয়।’
প্রস্তাবের বিপক্ষে কোন কোন দেশ অবস্থান নিয়েছে, তা নিয়ে আন্দ্রে ক্লিমভ বলতে অপারগতা জানান। তবে তিনি বলেন, বিশ্বের পাঁচটি ভূরাজনৈতিক গোষ্ঠীর ৮০ শতাংশ মানুষ এই প্রস্তাবের পক্ষে।
কেন এ ধরনের প্রস্তাব নেওয়া জরুরি সেটি উল্লেখ করতে গিয়ে আন্দ্রে ক্লিমভ গণতন্ত্রের নামে ভিয়েতনামে এবং সন্ত্রাসবিরোধী আন্তর্জাতিক অভিযানের নামে ইরাকে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কথা বলেন।
জার্মানির পার্লামেন্ট বুন্দেসতাগের ভাইস প্রেসিডেন্ট ক্লডিয়া রথ সাংবাদিকদের বলেন, ‘প্রস্তাবটি নিয়ে আমাদের মধ্যে তর্কবিতর্ক হয়েছে। খসড়ার অন্তত ১৪২টি বিষয়ে সংশোধনীর প্রস্তাব উঠেছে। প্রস্তাবের শিরোনামে “নাক গলানো” পরিবর্তন করে “হস্তক্ষেপ” করা হয়েছে। সর্বজনীন মানবাধিকারের প্রেক্ষাপট থেকে এনজিওসহ বিভিন্ন সংস্থা যেকোনো সরকারের বিরোধিতা করে থাকে। এমনকি মানবাধিকারের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে এ নিয়ে যে কেউ কথা বলতে পারে।’
সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপু মনি বলেন, বিভিন্ন দেশের পার্লামেন্টের সদস্যরা সন্ত্রাস ও জঙ্গিবাদে অর্থায়নসহ যেকোনো ধরনের সহিংসতা রোধের ব্যাপারে মত দিয়েছেন।