রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তিন বিভাগেই সততার অভাব দেখা যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, আইনসভা, নির্বাহী ও বিচার বিভাগ—রাষ্ট্রের এই তিন গুরুত্বপূর্ণ বিভাগে ওপর থেকে নিচ পর্যন্ত সততার অভাব দেখা যাচ্ছে।গতকাল রোববার ‘সমাজে স্বচ্ছতা প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকারের ভূমিকা’ শীর্ষক সেমিনারে দুদকের চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি বলেন, পানি ও বিদ্যুতের মতো সরকারের যেসব সেবা খাতে চাহিদা ও সরবরাহের মধ্যে অসামঞ্জস্য রয়েছে, সেসব খাতে দুর্নীতি বেশি হয়। নাগরিক অধিকার সনদ ও তথ্য অধিকার আইনের সম্মিলিত ব্যবহারের মাধ্যমে এসব দুর্নীতি কমানো সম্ভব।বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের গ্রিন ভিউ লাউঞ্জে সকাল সাড়ে ১০টায় ‘বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিক ফোরাম ২০১১’-এর সপ্তাহব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনের সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অর্থনৈতিক সমিতির সহায়তায় ঢাকা স্কুল অব ইকোনমিকস ও হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার এ সেমিনারের আয়োজন করে।আইন সংশোধন করে দুদকের ক্ষমতা খর্ব করা হবে না বলে মনে করেন দুদকের চেয়ারম্যান। তিনি বলেন, দুদক মাসে একবার প্রতিষ্ঠানের তথ্য উন্মুক্ত করবে। তবে তদন্তাধীন ও অনুমাননির্ভর তথ্য প্রকাশ করা হবে না।এর আগে প্রধান অতিথি সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলাম বলেন, সরকারের তথ্যভান্ডারের মালিক দেশের জনগণ। তাই সরকারি তথ্য পাওয়া জনগণের অধিকার। তথ্য অধিকার আইন ধীরে ধীরে দেশের বঞ্চিত মানুষের অধিকার আদায়ের কাজে লাগবে।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য কমিশনার সাদেকা হালিম। তিনি বলেন, দুদক ও তথ্য কমিশন সম্মিলিতভাবে দুর্নীতি প্রতিরোধে শক্তিশালী ভূমিকা রাখতে পারে। এ ছাড়া বঞ্চিত ও দুস্থ জনগোষ্ঠীর অধিকার আদায়ের হাতিয়ার হিসেবেও তথ্য অধিকার আইন ভূমিকা রাখতে পারে।