রাষ্ট্রের তিন অঙ্গকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ১০ মার্চ, ২০১৮। ছবি: ফোকাস বাংলা
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ১০ মার্চ, ২০১৮। ছবি: ফোকাস বাংলা

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য গণতান্ত্রিক পদ্ধতিতে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা। সব নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করাও রাষ্ট্রের লক্ষ্য। এই লক্ষ্য অর্জন ও বাস্তবায়নে রাষ্ট্রের নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগ—এই তিনটি অঙ্গকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আজ শনিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে স্পিকার এ কথা বলেন। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ওই সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন। জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

শিরীন শারমিন চৌধুরী বলেন, সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা, সংবিধানের আলোকে প্রতিটি মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার ক্ষেত্রে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিচারপ্রার্থী জনগণের জন্য বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিচারের দ্বার উন্মুক্ত করতে হবে। তাহলেই দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।

নারীদের জন্য অনুকূল কর্মপরিবেশ, নারীদের অধিকার প্রতিষ্ঠা, নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধ ও তাঁদের সুরক্ষা নিশ্চিতকরণে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে বিচার বিভাগকে ভূমিকা রাখার আহ্বান জানান স্পিকার।

বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের সভাপতি তানজীনা ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি জিনাত আরা, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, জজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জেসমিন আরা বেগম এবং প্রধান বিচারপতির সহধর্মিণী সামিনা খালেদ বক্তব্য দেন।