রাষ্ট্রের নৈতিকতা বিপন্নতার মুখোমুখি: সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১
সাভারের আশুলিয়ায় শিক্ষককে পিটিয়ে হত্যা ও নড়াইলে আরেক শিক্ষককে নিগ্রহের ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সেক্টর কমান্ডারস ফোরামÑমুক্তিযুদ্ধ ’৭১। সংগঠনটি আজ বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দুই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও তাঁদের বিচার দাবি করেছে।
বীর মুক্তিযোদ্ধাদের এই জাতীয় সংগঠন এক যৌথ বিবৃতিতে বলেছে, দুটি দুঃখজনক ঘটনা ও সাম্প্রতিক কালের আরও কিছু উগ্র সাম্প্রদায়িক ঘটনা প্রমাণ করে যে প্রতিশ্রুতি নিয়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেই রাষ্ট্রের নীতি ও নৈতিকতা আজ কতটা বিপন্নতার মুখোমুখি। এসব ঘটনা আরও প্রমাণ করে যে বাংলাদেশকে কোনো মহল পরিকল্পিতভাবে অন্ধকারের দিকে ধাবিত করছে।
বিবৃতিদাতারা বলেন, নড়াইলের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে চরম অমানবিক যে ঘটনাটি ঘটানো হয়েছে; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের উপস্থিতিতে এ ঘটনা ঘটেছে। অন্যদিকে একজন ছাত্রের বর্বরতায় মৃত্যুবরণ করেছেন শিক্ষক উৎপল কুমার সরকার।
বিবৃতিতে বলা হয়, দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষকদের বিরুদ্ধে ঘটা এমন ঘটনাগুলো মুক্তিযুদ্ধবিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তির সুচতুর এবং পরিকল্পিত অপচেষ্টা। অনেক ক্ষেত্রে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততা ও দায়িত্বে অবহেলা আরও বেশি আতঙ্কজনক। সব ধর্মের সহাবস্থান ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে অবশ্যই জবাবদিহি নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন সেক্টর কমান্ডারস ফোরামের নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ম হামিদ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আমজাদ হোসেন, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব, যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনু, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার (অব.), কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ডা. মনসুর আহমদ, কেন্দ্রীয় নারী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক লায়লা হাসান ও ইফফাত আরা নার্গীস, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস লাকি, বরিশাল বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ, খুলনার বিভাগীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, রাজশাহীর বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার এবং কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সদস্যসচিব বেদারুল আলম চৌধুরী।