রাষ্ট্রের পালন, শিকারির নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থলের মুখ খুলে ঢালা হলো ৫০টি জবাই করা বাবুই-চড়ুই। শিকারি শাহীনুর ইসলাম ওরফে শাহীন বললেন, ‘জীবিত থাকলে কিচির-মিচির করে। ধরা পড়ার ভয় থাকে। তাই জালে আটকালেই জবাই করে ফেলি। আর বড়গুলোকে লুঙ্গির ভাঁজের ভেতরে লুকিয়ে নিয়ে যাই।’
গতকাল রোববার সকালে রাজশাহীর গোদাগাড়ীর সেখেরপাড়া পদ্মা নদীর চরে কথা হয় শাহীনুরের সঙ্গে। রাতে পাখি ধরে ওই পথে বাড়ি ফিরছিলেন তাঁরা। গোদাগাড়ীর চরে প্রস্তাবিত এই অভয়ারণ্যে বন বিভাগের উদ্যোগে ছাড়া হচ্ছে বিপন্ন প্রজাতির পশুপাখি। আর শিকারিরা এভাবে ধরে নিয়ে যাচ্ছে এসব পাখি।
গোদাগাড়ীর চরে ২০১০-১১ অর্থবছরে এক কোটি পাঁচ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে ৯০ হেক্টর জমিতে বনায়ন করা হয়। এতে এক লাখ ৩২ হাজার বৃক্ষ রোপণ করা হয়। বন বিভাগ জানায়, দেশীয় ও অতিথি পাখির নিরাপদ বিচরণ এবং অবাধ প্রজননের জন্য প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এবং রাজশাহী বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে চরে দেশীয় এবং অতিথি পাখির বিচরণ নিয়ে গবেষণা করা হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিম বলেন, তাঁরা ইতিমধ্যে সেখানে ৮১ প্রজাতির পাখির সন্ধান পেয়েছেন। ইতিমধ্যে সেই বনে গন্ধগোকুল, মেছো বাঘ ও কয়েক প্রজাতির বিপন্ন পাখি অবমুক্ত করেছেন। তবে তাঁরা পাখি ধরার বিষয়ে কোনো অভিযোগ পাননি। নজরদারির জন্য তাঁদের লোকবলও নেই।
শাহীনুর ইসলামের (২২) সঙ্গে মো. সাজু (২০) ও জিয়াউল হক (২৩) ছিলেন। শাহীনুরের বাড়ি গোদাগাড়ীর উপজেলার রাহি, সাজুর বাড়ি কুন্দলিয়া এবং জিয়াউলের বাড়ি তেরোপাড়া গ্রামে। শাহীনুর বলেন, তাঁরা প্রতিটি ঘুঘু, বাবুই ও চড়ুই পাইকারিতে ১৮ টাকা এবং শ্যামা, শামুক খোল, নাকুটি, লাল লতিকা হট্টিটি, নাটাবটের, নীলকান্ত, সুঁই চোরা, চোখাচোখি, সরালি, তিলা মুনিয়া ইত্যাদি ৩০ থেকে ১০০ টাকায় বিক্রি করেন। রাজশাহী থেকে সাগর নামের একজন পাইকারি ক্রেতা এসে পাখি কিনে নিয়ে যান। তিনি বলেন, ‘পাখি ধরা বেআইনি। তাই সতর্ক থাকি। ধরা পড়ার ভয়ে রিজার্ভ টেম্পো নিয়ে আসি।’
শাহীনুর বলেন, গোদাগাড়ী থানার পাশে হাটপাড়া বাজার। এখানে মাঝেমধ্যে পুলিশ আসে। খাওয়ার জন্য ১০-২০টি পাখি তারাও নিয়ে যায়। তাই কোনো ঝামেলা নেই। তিনি বলেন, তাঁদের দলের সদস্য নয়জন। তিনজন ছিলেন শেখেরপাড়ায়। বাকিরা অন্যদিক দিয়ে নেমেছিলেন। তাঁদেরও গাড়িতে তুলে নেওয়া হবে।
গোদাগাড়ী থানার ওসি আবু মোকাদ্দেম আলী বলেন, ‘পাখি তো দূরের কথা, আমি মুরগির মাংসও খাই না। থানার অন্য কোনো কর্মকর্তা খেতে পারে। তবে আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’