রাষ্ট্রের বাধায় হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভাষাসৈনিক কামাল লোহানী পাশে ত্বকীর বাবা রফিউর রাব্বি। প্রথম আলো
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভাষাসৈনিক কামাল লোহানী পাশে ত্বকীর বাবা রফিউর রাব্বি। প্রথম আলো

মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের এক বছর এক মাস পার হলেও খুনিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। গত মার্চে এ মামলার অভিযোগপত্র দেওয়ার কথা থাকলেও রাষ্ট্রের বাধায় তা হয়নি।
গতকাল মঙ্গলবার ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তিনি সব আসামিকে গ্রেপ্তার করে দ্রুত অভিযোগপত্র দেওয়ার দাবি জানান। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। রফিউর রাব্বি সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মঞ্চের সদস্যসচিব সাংবাদিক হালিম আজাদ।
সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রফিউর রাব্বি বলেন, আজমেরী ওসমান ও তাঁর সহযোগীদের আসামি করে গত মার্চে ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দেওয়ার কথা গণমাধ্যমে বলেছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান। আজমেরী ওসমান নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের বড় ভাই জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের ছেলে। কিন্তু এক মাসেও আদালতে অভিযোগপত্র দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের সর্বোচ্চ মহলের বাধায় ত্বকী হত্যা মামলার বিচার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিরোধের জের ধরেই এ হত্যার ঘটনা ঘটেছে। বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ছিলেন তিনি। আর আওয়ামী লীগের নেতা শামীম ওসমান ছিলেন দলের সমর্থিত প্রার্থী। নির্বাচনে আইভীর কাছে বিপুল ভোটে পরাজিত হন শামীম ওসমান।
রফিউর রাব্বি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বিভিন্ন পরিবহনের মালিকেরা ওসমান পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করায় তিনি এর প্রতিবাদ করেছিলেন। এরপর তাঁকে শায়েস্তা করতে তাঁর কিশোর ছেলেকে খুনের পরিকল্পনা করা হয়। র‌্যাবের তদন্তে এসব তথ্য গণমাধ্যমেও প্রচারিত হয়েছে। তিনি অভিযোগ করে আসছেন যে সাংসদ শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান ও ভাই নাসিম ওসমানের নির্দেশে ত্বকীকে খুন করা হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে তাঁদেরসহ সাতজনের নাম তিনি লিখিতভাবে দিয়েছিলেন।
রফিউর রাব্বি আরও বলেন, স্থানীয় সাংসদের পদ ব্যবহার করে দুই ভাই লুটপাট ধরে রাখতে খুন, সন্ত্রাস, চাঁদাবাজির অভয়ারণ্য বানিয়েছে নারায়ণগঞ্জকে। গত এক বছরে নারায়ণগঞ্জে ১৬ কিশোরের লাশ উদ্ধার হয়। তিনি বলেন, ত্বকী হত্যাকাণ্ডে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামি আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী সুলতান শওকত ওরফে ভ্রমর গত ২০ মার্চ কারাগার থেকে গোপনে বেরিয়ে গেছেন। তিনি অভিযোগ করেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অদায়িত্বশীলতার কারণে ভ্রমর বেরিয়ে দেশের বাইরে পালিয়ে গেছেন।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব সাংবাদিক হালিম আজাদ বলেন, গত বছরের ৬ মার্চ ত্বকী নারায়ণগঞ্জ শহরের বাসার সামনে থেকে নিখোঁজ হয়। ওই দিন ত্বকীর বাবা রফিউর রাব্বি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। দুই দিন পর ৮ মার্চ সকালে ত্বকীদের বাসার অদূরে শীতলক্ষ্যা নদীর শাখা চারারগোপ এলাকার খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়। হাইকোর্টের নির্দেশে হত্যা মামলাটি তদন্তের দায়িত্ব পায় র‌্যাব। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে র‌্যাব ইউসুফ হোসেন ওরফে লিটন, সুলতান শওকত ও তায়েবউদ্দিন ওরফে জ্যাকিকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে ইউসুফ ও সুলতান শওকত ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
লিখিত বক্তব্যে হালিম আজাদ আরও বলেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে দেওয়া তালিকায় সন্ত্রাসী ক্যাঙ্গারু পারভেজের নাম ছিল। শামীম ওসমানের অনুগত ক্যাঙ্গারু পারভেজ গত বছরের ৫ জুলাই নিখোঁজ হন। ২০০১ সালে যৌথ বাহিনী ওসমানের স্ত্রীর গাড়ি থেকে অস্ত্রসহ ক্যাঙ্গারু পারভেজকে গ্রেপ্তার করেছিল। অথচ বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর স্বজন ও স্থানীয় যুবলীগের নেতাদের বিরুদ্ধে গুমের মিথ্য মামলা দিয়ে ত্বকী হত্যা মামলা ধামাচাপা দেওয়ার অপকৌশলে লিপ্ত শামীম ওসমান।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান বলেন, সরকার খুনিদের নানাভাবে রক্ষার চেষ্টা করছে।
ভাষাসৈনিক কামাল লোহানী বলেন, ত্বকী রাষ্ট্রীয় স্বেচ্ছাচারিতার একধরনের প্রতীক হয়ে রইল। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন শিক্ষাবিদ শফিউদ্দিন আহমদ।
র‌্যাব সূত্র জানায়, গত মার্চে শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানসহ ১১ জনের বিরুদ্ধে র‌্যাব অভিযোগপত্র প্রস্তুত করেছে। অন্যরা হলেন রাজীব, কালাম শিকদার, মামুন, অপু, কাজল, শিপন, জামশেদ, ইউসুফ হোসেন, সুলতান শওকত ওরফে ভ্রমর ও তায়েবউদ্দিন ওরফে জ্যাকি। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আজমেরীসহ প্রথম সাতজন পলাতক রয়েছেন। বাকিরা কারাগারে আছেন।