রাষ্ট্রের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করেছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্বইয়ের দশকের সাম্প্রদায়িকতা ও স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, যুদ্ধাপরাধী এবং সাম্প্রদায়িক জামায়াত চক্র রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। প্রতিদিন মুক্তিযুদ্ধের পক্ষের সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, দেশজুড়ে সৃষ্টি করা হচ্ছে নৈরাজ্য। এসবের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তাঁরা।

গতকাল শুক্রবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শহীদজননী জাহানারা ইমামের সমাধিতে পুষ্পমাল্য অর্পণের পর সাবেক ছাত্রনেতারা এ কথা বলেন। যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ায় তাঁরা শহীদজননীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সেখানে যান। এরপর সংক্ষিপ্ত সমাবেশে তাঁরা জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে ওই দলের দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাতে সরকারের প্রতি আহ্বান জানান। সাবেক ছাত্রনেতারা বলেন, শহীদজননী মৃত্যুর আগে তাঁর নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের ভার বাংলাদেশের জনগণের কাছে অর্পণ করেছিলেন। আজ শাহবাগে তরুণ প্রজন্ম জেগে উঠেছে। মুক্তিযুদ্ধের সপক্ষের সবাইকে এক হয়ে ঘাতক চক্রকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা। যুদ্ধাপরাধী গোলাম আযমকে হাসপাতাল থেকে কারাগারে প্রেরণ ও তাঁর দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান সাবেক ছাত্রনেতারা। এ সময় ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহিন হোসেন, সাজ্জাদ জহির, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি রাগীব আহসান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ছাত্রলীগ (জাসদ)-এর মোখলেসুর রহমান, সাবেক ছাত্রনেতা কাফি রতন, বাবুল খান, সাগর লোহানী, তাহমিনা ইয়াসমিন, কাজী সালমা, নোয়ালা আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।