আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের এক কৌঁসুলি (প্রসিকিউটর) নিয়ম ভঙ্গ করে নিম্ন আদালতে রাষ্ট্রের বিরুদ্ধে ফৌজদারি মামলা পরিচালনা করেছেন৷ এ ছাড়া দুজনের বিরুদ্ধে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীদের মামলা থেকে মুক্ত করার অভিযোগ রয়েছে৷ প্রথম আলোর অনুসন্ধান ও একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে৷
পুলিশ ও আদালত সূত্র জানায়, গত ৩১ মার্চ রাতে রাজধানীর দিলকুশা বাণিজ্যিক এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে র৵াব-৩-এর একটি দল অস্ত্রসহ নয়জনকে আটক করে৷ গত ১ এপ্রিল ওই নয়জনের বিরুদ্ধে মতিঝিল থানায় অস্ত্র আইনে মামলা হয়৷ ৮ এপ্রিল মহানগর দায়রা জজের আদালতে ওই নয় আসামির পক্ষে সাতজন আইনজীবীর ওকালতনামা ও জামিনের আবেদন দাখিল করা হয়৷ আসামিপক্ষের এই সাতজন আইনজীবীর মধ্যে প্রথমজন হলেন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কেঁৗসুলি মোখলেছুর রহমান (বাদল)৷ ২৭ এপ্রিল অস্ত্র মামলায় আসামিরা জামিন পান৷ ওই দিন জামিন আবেদনের শুনানিতে অন্য আইনজীবীদের সঙ্গে মোখলেছুর রহমানও অংশ নেন৷
এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, সরকারের আইন কর্মকর্তা বা রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা রাষ্ট্র বা সরকারের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে পারেন না৷ রাষ্ট্রপক্ষের কোনো কৌঁসুলি যদি এমন কাজ করে থাকেন, তবে তাঁদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত৷
বাংলাদেশ ল অফিসার্স (টার্মস অ্যান্ড কন্ডিশনস অব সার্ভিস) রুলস, ১৯৭৩-এর ৬ ধারা অনুসারে, সরকারের আইন কর্মকর্তারা ব্যক্তিগত মামলা পরিচালনা করতে পারবেন৷ তবে তাঁরা সরকারের বিরুদ্ধে কোনো মামলায় পরামর্শ দিতে বা মামলা পরিচালনা করতে পারবেন না৷ এ ছাড়া সরকারের পূর্বানুমতি ছাড়া ফৌজদারি মামলার আসামিদের পক্ষে মামলা পরিচালনা করতে পারবেন না৷
সাম্প্রতিক এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত প্রসিকিউটরদের (রাষ্ট্রপক্ষের কেঁৗসুলি) অন্য কোনো আদালতে মামলা পরিচালনার নিয়ম নেই৷ তার পরও একাধিক কেঁৗসুলি হাইকোর্ট ও নিম্ন আদালতে মামলা পরিচালনা করেন৷ এঁদের মধ্যে রয়েছেন মোখলেছুর রহমান, মোহাম্মদ আলী, আবদুর রহমান হাওলাদার প্রমুখ৷ এই গোয়েন্দা প্রতিবেদনটি গত মাসে আইন মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে৷
এ ব্যাপারে জানতে চাইলে মোখলেছুর রহমান প্রথমে এ প্রতিবেদককে বলেন, ‘আমরা ব্যক্তিগত মামলা চালাতেই পারি৷ আমরা সরকারের বেতনভুক্ত কর্মকর্তা নই, সম্মানী (রিমুনারেশন) পাই৷’ এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য জানানোর পর তিনি দাবি করেন, ‘ওকালতনামায় সাধারণত আমাদের জুনিয়ররা (সহযোগী আইনজীবী) সিনিয়রদের নাম দিয়ে দেন৷ আমার চেম্বার থেকে যত মামলা চালানো হয়, সব ওকালতনামায়ই আমার নাম থাকে৷’
আইন মন্ত্রণালয়ে জমা পড়া ওই গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্যক্তিগত মামলা পরিচালনার পাশাপাশি রাষ্ট্রপক্ষের কেঁৗসুলি মোহাম্মদ আলী, আবদুর রহমান হাওলাদার প্রমুখ বিভিন্ন সময়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলাও পরিচালনা করেছেন৷ উদহারণ হিসেবে বলা হয়, ২০১১ সালের ২০ জানুয়ারি সাভার থানার ঝাউচর গ্রামে আওয়ামী লীগের কার্যালয় ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের ঘটনায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৫৩ জনকে আসামি করে সাভার থানায় মামলা হয়৷ সরকারের একজন মন্ত্রীর যোগসাজশে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুর রহমান হাওলাদার ওই মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীদের নির্দোষ প্রমাণ করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশকে বাধ্য করেন৷ আবদুর রহমান আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক৷
অবশ্য আবদুর রহমান হাওলাদার এই অভিযোগ অস্বীকার করেন৷ তিনি প্রথম আলোকে বলেন, ‘গোয়েন্দা প্রতিবেদনে কী লিখেছে, কেন লিখেছে, তা আমার জানা নেই৷ ওগুলো আমার নিয়ন্ত্রণে না৷’
রাষ্ট্রপক্ষের আরেক কেঁৗসুলি মোহাম্মদ আলী দাবি করেন, জামায়াত-শিবির করেন এমন কোনো আসামির মামলা তিনি নিজে পরিচালনা করেননি৷ তবে তিনি এটা স্বীকার করেছেন, ধামরাই থানার একটি মামলার শুনানিতে তিনি উপস্থিত ছিলেন৷ ওই মামলার আসামিরা সবাই বিএনপির নেতা-কর্মী, জামায়াত-শিবিরের কেউ ছিলেন না৷
মোহাম্মদ আলীর দাবি, বিএনপির নেতা ও আইনজীবী জিয়াউর রহমান খানের অনুরোধে তিনি ওই মামলায় আদালতে গিয়েছিলেন৷ তিনি শুধু জিয়াউর রহমান খানকে আদালতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন৷
এসব বিষয়ে জানতে চাইলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির প্রথম আলোকে বলেন, ‘আমরা শুরু থেকে বলছি, যেসব আইনজীবী সততা, দক্ষতা, মেধা ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে কাজ করতে পারবেন, একমাত্র তাঁদেরই সেখানে নিয়োগ দেওয়া উচিত৷ কিন্তু এতে সরকার কোনো গুরুত্ব দেয়নি৷ অথচ অনেকে বাইরের মামলায় বেশি সময় ব্যয় করছেন, আবার কেউ কেউ সরকারের বিরুদ্ধে মামলায় লড়ছেন৷’ তিনি বলেন, ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের এমন কেঁৗসুলিও আছেন, যাঁরা চার বছরে ট্রাইব্যুনালে একটি মামলাও পরিচালনা করেননি৷ সরকারের উচিত অবিলম্বে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া৷