বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেছেন, ‘রাষ্ট্রের ওপর আমরা যথেষ্ট আস্থা রাখি। কিন্তু রাষ্ট্রের ভূমিকায় আমরা যথেষ্ট সন্তুষ্ট হতে পারছি না। আমরা এই দেশে ধর্ম, বর্ণ, দলিত, হরিজন, নারী-পুরুষ, শিশুসহ সকলের নিরাপত্তার নিশ্চয়তা চাই।’
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা পরিষদ আয়োজিত এক মানববন্ধনে আয়শা খানম এ কথা বলেন। সাম্প্রতিক সময়ে দেশে বিভিন্ন ধর্মাবলম্বী, সম্প্রদায় ও ব্যক্তির ওপরে ধারাবাহিকভাবে যে সন্ত্রাসী হামলা ও হত্যার ঘটনা ঘটছে, এর প্রতিবাদে সংগঠনটি এ মানববন্ধনের আয়োজন করে।
আয়শা খানম বলেন, এ দেশে মুক্তমনা শিক্ষক, ব্লগারসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। যাঁরা রাজনীতিকে পুঁজি করে সম্পদের মালিক হওয়ার চেষ্টা করেন এবং যাঁরা ক্রমাগত অপরাধ করে যাচ্ছেন, তাঁদের কোনো বিচার হচ্ছে না। একটি অংশ চাচ্ছে এ দেশের অগ্রগতির পথে বাধার সৃষ্টি করতে। তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, অপরাধীর বিচার হচ্ছে না বলেই এ ধরনের ঘটনা ঘটে চলেছে। বাংলাদেশ শুধু সংখ্যালঘু নয়, সাধারণ নাগরিকদেরও নিরাপত্তায় ব্যর্থ হচ্ছে।
মানববন্ধনে আলোচকেরা বলেন, দেশে সাধারণ মানুষের নিরাপত্তা আজ হুমকির সম্মুখীন। প্রতিটি ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের শনাক্তকরণ ও আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান তাঁরা। ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে বিষয়টিতেও সরকারের নজর দেওয়ার আহ্বান জানান তাঁরা। বিজ্ঞপ্তি।